কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভা নির্বাচনের জন্য মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে প্রতিটি ফরমের জন্য ২৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা।
এদিকে দলীয়ভাবে সাধারণ ও মহিলা কাউন্সিলর মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত না থাকলেও কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ কাউন্সিলর পদে মনোনয়ন ফরম বিক্রি করেছে। প্রতিটি ফরম বাবদ ১৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান বলেন, গত শনিবার রাত ১০টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হয়। কলাপাড়ায় মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ছয়জন ফরম সংগ্রহ করেছেন। মেয়র পদে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান, পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল হাওলাদার, সহসভাপতি দিদার উদ্দিন আহমেদ, জেলা কৃষক লীগের সদস্য সৈয়দ আকতারুজ্জামান কোক্কা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার ফরম সংগ্রহ করেছেন। এদিকে কুয়াকাটা পৌরসভায় মেয়র পদে চারজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁরা হলেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা, সাধারণ সম্পাদক মনির আহমেদ ভূঁইয়া, পৌর যুবলীগের সভাপতি সাগর মোল্লা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম। এ ছাড়া কাউন্সিলর পদে ২২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পাঁচজন ফরম সংগ্রহ করেছেন।
হাবিবুর রহমান আরও বলেন, মেয়র পদে ২৫ হাজার টাকা ও কাউন্সিলর পদে ১৫ হাজার টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সাংসদ ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন ফরমের জন্য টাকা নেওয়া হচ্ছে। তা না হলে সবাই ফরম সংগ্রহ করতে আসতেন। তবে প্রার্থী মনোনয়নে কেন্দ্রীয় সিদ্ধান্তই মানা হবে বলে জানান তিনি।
মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী মো. ফিরোজ শিকদার বলেন, তিনি ২৫ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করেছেন। এই টাকার বিপরীতে উপজেলা আওয়ামী লীগ তাঁকে রসিদ দিয়েছে। রসিদে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের বিবিধ আদায়ের রসিদ কথাটি উল্লেখ রয়েছে।
মেয়র পদে ফরম সংগ্রহকারী বিপুল হাওলাদার ও দিদার উদ্দিন আহমেদসহ কয়েকজন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা না থাকলেও কলাপাড়ায় প্রতিটি পদের বিপরীতে টাকা নেওয়া হচ্ছে। বিষয়টি তাঁরা কেন্দ্রে জানাবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন বলেন, ‘দলীয় মনোনয়ন ফরমে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই।’
কলাপাড়া উপজেলা বিএনপিও মনোনয়ন ফরম বিক্রির জন্য নোটিশ টাঙিয়েছে। উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক বশির উদ্দিন তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র পদের জন্য এক হাজার টাকা এবং কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদের ফরমের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।