বরিশালের উজিরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, দলে জনপ্রিয় ও পৌরবাসীর পছন্দের প্রার্থীকে বাদ দিয়ে জনবিচ্ছিন্ন যুবলীগ নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলের কয়েকজন নেতা-কর্মী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করতে গত ২৭ নভেম্বর রাতে উপজেলার শিকারপুর শের-ই-বাংলা কলেজ মিলনায়তনে বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস। সভায় সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক মজিদ শিকদার, সহসভাপতি অশোক হালদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিনসহ নয়জনের সাক্ষাৎকার নেওয়া হয়। রাত তিনটায় আওয়ামী লীগের নেতাদের বাদ দিয়ে গিয়াস উদ্দিনকে প্রার্থী ঘোষণা করা হয়। বৈঠকে গিয়াসের নামটি ঘোষণার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আওয়ামী লীগের সমর্থক ও এলাকার কয়েকজন ভোটার বলেন, নির্বাচনে কারচুপি করা ছাড়া আওয়ামী লীগ ওই প্রার্থীকে পাস করাতে পারবে না। আওয়ামী লীগ কিসের জোরে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অজনপ্রিয় নেতাকে মনোনয়ন দিল, তা তাঁদের কাছে বোধগম্য নয়।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. স্বপন সরদারসহ নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক দলের পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা কিন্তু জেলার প্রভাবশালী নেতারা তা মূল্যায়ন না করে কনিষ্ঠ ও জনবিচ্ছিন্ন নেতাকে মেয়র পদে মনোনয়ন দেন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন সাধারণ ভোটার ও পৌরবাসীকে হতাশ করেছে।