মেয়র প্যানেল গঠন বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্যানেল আগামী বৃহস্পতিবার গঠন করা হবে। এবারই প্রথম নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের ভোটে এই প্যানেল গঠিত হবে। একই দিনে করপোরেশনের বাজেটও পেশ করা হবে। গতকাল সোমবার সিটি করপোরেশনের নতুন মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও কাউন্সিলরদের প্রথম সাধারণ সভায় এসব সিদ্ধান্ত হয়।সভা সূত্র জানায়, সভায় স্ট্যান্ডিং কমিটির সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ২০টিতে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। নতুন দুটি কমিটি জলাবদ্ধতা ও যানজট নিরসনে কাজ করবে। সভায় স্ট্যান্ডিং কমিটি নিয়ে আলোচনা হলেও কমিটিগুলো গঠনের পুরো ক্ষমতা মেয়রকে দেওয়া হয়। প্রতিটি কমিটিতে চেয়ারম্যান হিসেবে একজন কাউন্সিলর এবং সদস্যসচিব হিসেবে করপোরেশনের একজন কর্মকর্তা থাকবেন। এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন আরও দুজন কাউন্সিলর।সভায় সিদ্ধান্ত হয়, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সময়ে দরপত্র ছাড়া যেসব কাজ হয়েছে বা এখনো চলছে সেসব কাজের দায়িত্ব নেবে না করপোরেশন। এসব কাজের জন্য অর্থও পরিশোধ করা হবে না। তবে করপোরেশন কর্তৃপক্ষ যদি মনে করে কাজ হয়েছে, সে ক্ষেত্রে প্রয়োজনে সরেজমিনে পরিদর্শন শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল সাধারণ সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৫০ কোটি টাকার উন্নয়নকাজ শিগগির শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়র মন্জুর আলমের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ সভা চলে। মেয়র প্যানেল: চট্টগ্রাম সিটি করপোরেশনে ওয়ার্ড কাউন্সিলরদের ভোটে দুজন পুরুষ এবং একজন মহিলা প্যানেল মেয়র নির্বাচিত হবেন। বৃহস্পতিবার সিটি করপোরেশনে এই ভোট গ্রহণ করা হবে।