মেয়র ও প্যানেল মেয়রের দ্বন্দ্বে বরগুনার বেতাগী পৌরসভার সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত মে মাসে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মেয়র আলতাফ হোসেন বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর বিষয়টি নিয়ে আইনি লড়াই শুরু হলে এই অচলাবস্থার সৃষ্টি হয়।
পৌরসভার সূত্র জানায়, আলতাফ হোসেনকে গত ৩০ মে সাময়িক বরখাস্ত ও প্যানেল মেয়র বরুণ কর্মকারকে আর্থিক কর্মকাণ্ডসহ সব কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয় স্থানীয় সরকার বিভাগ। এরপর আলতাফ হোসেন বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন। ৯ জুন উচ্চ আদালতের একটি বেঞ্চ ছয় মাসের জন্য বরখাস্তের আদেশ স্থগিত করেন। পরে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ওই আদেশের বিপক্ষে আপিল করলে আপিল বিভাগ স্থগিতাদেশের আদেশ বহাল রাখেন। পরবর্তী সময়ে প্যানেল মেয়র বরুণ কর্মকার আবার এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে আদালত ২৫ আগস্ট চার সপ্তাহের জন্য স্থিতাবস্থার আদেশ দেন। বরখাস্ত হওয়া মেয়র স্থিতাবস্থার বিরুদ্ধে আদালতে আবার আবেদন করলে আদালত ১৭ সেপ্টেম্বর এর শুনানির দিন ধার্য করেন।
বরুণ কর্মকারের সমর্থকেরা অভিযোগ করেন, ৮ জুলাই প্যানেল মেয়র দায়িত্ব নিতে গেলে বরখাস্ত হওয়া মেয়রের লোকজন পৌর কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় ৯ জুলাই প্যানেল মেয়র বেতাগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বরুণ কর্মকার প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিয়োগ দিলেও বরখাস্ত হওয়া মেয়র তা উপেক্ষা করে বেআইনিভাবে তাঁর লোকজন দিয়ে পৌর কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আমাকে দায়িত্ব নিতে বাধা দেন। এটা একধরনের জবরদখল প্রক্রিয়ার মতো। কিন্তু আমি জবরদখলে বিশ্বাসী নই। আমি সরকার ও উচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আমি সরকারি আদেশ ও আদালতের নির্দেশনা অনুযায়ী এগোচ্ছি।’
আলতাফ হোসেন বিশ্বাস বলেন, ‘উচ্চ আদালত আমার রিটের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্ত আদেশ ছয় মাসের জন্য স্থগিত করার পর আমি বৈধভাবে মেয়রের দায়িত্বে আছি। এরপর ওই আদেশের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় সুপ্রিম কোর্টে আপিল করলেও আদালত আগের আদেশ পুনর্বহাল রাখেন। এরপর নিয়মবহির্ভূতভাবে প্যানেল মেয়র আবার রিট করেন। এতে উচ্চ আদালত স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। আমি এর বিরুদ্ধে আবার আদালতে আবেদন করেছি এবং ১৭ সেপ্টেম্বর এর শুনানির দিন ধার্য করা হয়েছে। সুতরাং আমিই বৈধ মেয়র।’
মেয়র ও প্যানেল মেয়রের মধ্যে দ্বন্দ্বের কারণে পৌরবাসীর নাগরিক সুবিধা ও পৌরসভার সার্বিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। পৌর কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, উন্নয়নকাজের তদারকি ও নাগরিক সেবা নিশ্চিত করার মতো বিষয়গুলো গুরুত্বহীন হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন কাউন্সিলর জানান, মেয়র ও প্যানেল মেয়রের মধ্যে দ্বন্দ্বের কারণে কাউন্সিলররাও দুভাগে বিভক্ত। এই অবস্থায় পৌর কার্যালয়ের প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। পৌর প্রশাসনকে পক্ষে রাখার জন্য মেয়র নানাভাবে অনৈতিক সুবিধা দিচ্ছেন।
তবে আলতাফ হোসেন বিশ্বাস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ জন্য কোনো অনিয়মের প্রশ্রয় দিইনি আর দেবও না।’