বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়ের একটি তদন্ত দল। গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর নেতৃত্বে তদন্ত দল করপোরেশনে গিয়ে কাজ শুরু করে।
তদন্ত দল আসবে শুনে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হন নগর ভবনে। তদন্ত দল পৌঁছালে তাঁরা নানা অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেন। বেলা তিনটা পর্যন্ত তদন্ত দলের সদস্যরা করপোরেশনের বিভিন্ন ফাইলপত্র, নিয়োগ, পদোন্নতি, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার বৈষম্য, বকেয়া বেতন পরিশোধ না করা, প্রভিডেন্ট ফান্ডে অর্থ জমা না হওয়ার কারণ খতিয়ে দেখেন। তাঁরা মেয়র আহসান হাবিব কামাল, প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমারের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন।
তদন্ত দলের সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম আজাদ বলেন, করপোরেশনের বিভিন্ন ধরনের কাজে অনিয়ম, নিয়োগ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া, পদোন্নতিসহ অন্যান্য অভিযোগের তদন্ত করা হয়েছে।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার বলেন, ‘আমি কোনো দুর্নীতি করেছি কি না, সেটা জানতে চেয়েছে তদন্ত দল। আমার পক্ষে যা যা কাগজপত্র দেওয়ার তা দিয়েছি। কিছু বিষয় থাকে, যা অনেক সময় বলা যায় না। আমি তো মেয়রের সঙ্গে কাউন্টার সাইন (স্বাক্ষর) করি। সেখানে কিছু হয়ে থাকলে আমার জানার কথা নয়।’
গত ১৮ মে বরিশাল সিটি করপোরেশনে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব খলিল আহমদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই নির্দেশ দেওয়া হয়। ২৬ মে ওই চিঠি সিটি করপোরেশনে পৌঁছায়।