সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী চারজনের মধ্যে তিনজন নিজের টাকা ব্যয় করবেন। শুধু বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন আকন্দ দুজন আত্মীয়ের কাছ থেকে টাকা ধার ও দান হিসেবে গ্রহণ করবেন বলে ব্যয়ের খাতে উল্লেখ করেছেন।
নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা প্রার্থীদের নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎস ও ব্যয়ের বিবরণী ঘেঁটে এসব তথ্য জানা যায়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উজ্জ্বল কুমার রায় বলেন, একজন মেয়র প্রার্থী নির্বাচনে সর্বোচ্চ ২ লাখ ২০ হাজার টাকা ব্যয় করতে পারবেন।
জামায়াত-সমর্থিত বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন আকন্দ আসন্ন নির্বাচনে সম্ভাব্য ব্যয় করবেন এক লাখ টাকা। এর মধ্যে তাঁর নিজের ব্যবসা থেকে ৯০ হাজার টাকা ব্যয় করবেন। বাকি ১০ হাজার টাকার মধ্যে ব্যবসায়ী ভাই আবু জাফর পাঁচ হাজার টাকা ধার ও চাকরিজীবী ভাতিজি জামাই আবদুর রাজ্জাক পাঁচ হাজার টাকা স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে দেবেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আবদুল্লাহ আল পাঠান তাঁর ঠিকাদারি ব্যবসা থেকে মোট দুই লাখ টাকা ব্যয় করবেন। তাঁর সম্ভাব্য ব্যয়ের খাত হলো পোস্টার, তিনটি ক্যাম্প বা কার্যালয়, কেন্দ্রীয় ক্যাম্প বা কার্যালয়, নির্বাচনী এজেন্ট ও কর্মীদের যাতায়াত, ১৮টি ঘরোয়া বৈঠক বা সভা, লিফলেট, হ্যান্ডবিল, ৫০টি ব্যানার, মাইকিং, ১৮টি নির্বাচনী প্রতীক তৈরি, তিনটি কার্যালয়ে আপ্যায়ন, ২০ জন কর্মীর ১০ দিন আপ্যায়ন ও ফরম-স্ট্যাম্পসহ অন্যান্য।
পৌরসভার প্রথম প্রশাসক এবং জেলা বিএনপির সদস্য ও প্রার্থী নুর সাইদ সরকার নিজের ব্যবসা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করবেন। তিনি সর্বোচ্চ নিজের বা নির্বাচনী এজেন্ট ও কর্মীদের মাধ্যমে ৫০ হাজার টাকা ব্যয় করবেন। এ ছাড়া কেন্দ্রীয় ক্যাম্প বা কার্যালয় খরচ, ব্যানার, কর্মীদের যাতায়াতসহ বিভিন্ন খাতে ব্যয় করবেন।
স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম ব্যবসা থেকে ১ লাখ ৫০ টাকা ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন। তাঁর ৫০ হাজার টাকা ব্যয় হবে নিজের অথবা নির্বাচনী এজেন্ট ও কর্মীদের মাধ্যমে। এ ছাড়া অন্যান্য খরচ বাবদ বাকি টাকা ব্যয় হবে।