মেয়র প্রার্থী তিনজনই ব্যবসায়ী, শিক্ষাগত যোগ্যতা সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার, বিএনপির হুমায়ুন কবীর ও জাতীয় পার্টির (এরশাদ) মো. হুমায়ুন কবীর মাসুম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা সবাই ব্যবসায়ী এবং এইচএসসি পাস।
তবে ওই তিন প্রার্থীর মধ্যে নগদ টাকা বেশি আওয়ামী লীগ প্রার্থীর। কৃষিজমি বেশি বিএনপির প্রার্থীর। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
ব্যবসা ও আয়ের উৎস: বিপুল চন্দ্র হাওলাদারের মেসার্স বিকেএসবি ব্রিকস ও মেসার্স হাওলাদার ট্রেডার্স নামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি কৃষি খাত থেকে ৬৫ হাজার ৫০০ এবং ব্যবসা থেকে ৭৪ লাখ ৭০ হাজার ২০০ টাকা আয় করেন।
হুমায়ুন কবীর রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিল, করাতকলের মালিক এবং তিনি ঠিকাদারি করেন। তিনি কৃষি খাত থেকে ৭০ হাজার ও ব্যবসা থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা আয় দেখিয়েছেন।
হুমায়ুন কবীর মাসুম খানের মেসার্স এসআর ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকম নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও দোকানভাড়া ও অন্যান্য উৎস থেকে ২ লাখ ৩৫ হাজার টাকা আয় করেন।
সম্পদ: বিপুল চন্দ্র হাওলাদারে নিজ নামে ৯৫ লাখ ৪৮ হাজার ৪০১ টাকা, পোস্টাল সেভিংসসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ ৫০ লাখ টাকা, একটি করে পিকআপ ভ্যান, রোলার, মোটরসাইকেল, ট্রলার ও মাহিন্দ্রা ট্রাক্টর, ১০ ভরি স্বর্ণালংকার, ১৫ হাজার টাকার ইলেকট্রনিকস সামগ্রী ও ৫০ হাজার টাকার আসবাব রয়েছে। এ ছাড়া তাঁর নামে ১০ একর ৯ শতাংশ কৃষিজমি, ৪ একর ৩৪ শতাংশ অকৃষিজমি ও ৩ হাজার ৫০০ বর্গফুটের দোতলা ভবন রয়েছে। তবে তাঁর নামে অগ্রণী ব্যাংকে ৮৯ লাখ ৯৯ হাজার ৯৯২ টাকা ঋণ রয়েছে।
হুমায়ুন কবীরের নগদ দুই লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা করা অর্থের পরিমাণ ৩৪ লাখ ১ হাজার ৪৩২ টাকা, স্ত্রীর স্বর্ণালংকার ২০ ভরি, ১০ হাজার টাকার ইলেকট্রনিকস সামগ্রী, স্ত্রীর ৫০ হাজার টাকার ইলেকট্রনিকস সামগ্রী, নিজের পাঁচ হাজার টাকার আসবাব ও স্ত্রীর ৬০ হাজার টাকার আসবাব রয়েছে।
এ ছাড়া তাঁর নামে ১৭ দশমিক ৩৫ একর কৃষিজমি, স্ত্রীর নামে দশমিক ৯৬৫ একর কৃষিজমি, নিজের নামে ৩ শতাংশ অকৃষিজমি ও একটি টিনশেড ঘর এবং স্ত্রীর নামে একটি দোতলা ভবন রয়েছে।
হুমায়ুন কবীর মাসুম খানের নগদ ৫০ হাজার, নির্ভরশীলদের নামে এক লাখ টাকা, স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণালংকার, একটি রেফ্রিজারেটর ও একটি খাট রয়েছে। তাঁর নামে ১১ শতাংশ কৃষিজমি, ৩ শতাংশ অকৃষিজমি ও দোকানঘর রয়েছে।
মামলা: হুমায়ুন কবীরের নামে একটি মামলা ছিল। তবে মামলাটি খারিজ হয়ে গেছে। অন্য দুই প্রার্থীর নামে কোনো মামলা নেই।
তিন প্রার্থীর কাছেই প্রশ্ন করা হয়েছিল, মেয়র নির্বাচিত হলে ব্যবসা সামলিয়ে কীভাবে নাগরিক সেবা নিশ্চিত করবেন—জবাবে বিপুল চন্দ্র হাওলাদার বলেন, ‘আমার ব্যবসা দেখার মতো লোক রয়েছে।’
হুমায়ুন কবীর বলেন, ‘আমি এর আগেও দুই দফা মেয়র নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছি। তাই এবারও মেয়র হলে জনগণের কোনো অসুবিধা হবে না।’ হুমায়ুন কবীর মাসুম খান বলেন, ‘আমি মূলত যে ব্যবসা করি, তা আহামরি কিছু না। তাই মেয়র হলে জনগণের কোনো অসুবিধা হবে না।’
জনপ্রতিনিধি ব্যবসায়ী হলে নাগরিক সেবা ব্যাহত হবে কি না, এ প্রশ্নের জবাবে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কলাপাড়া উপজেলা শাখার সভাপতি শামসুল আলম বলেন, আসলে কয়েক বছর ধরেই ব্যবসায়ীরা আমাদের দেশের রাজনীতির মাঠ দখল করে চলেছেন। ব্যবসায়ীদের চাপে প্রকৃত রাজনীতিবিদদের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। এদের কারণে যাঁরা সমাজে ভালো লোক বলে চিহ্নিত, তাঁরা ভোটের মাঠে আসতে চান না। ব্যবসায়ীরা জনপ্রতিনিধি নির্বাচিত হলেও ব্যবসার দিকেই তাঁর বেশি মনোযোগ থাকবে। তাঁরা জনগণের সুবিধা-অসুবিধার দিকে কোনো খেয়াল রাখতে পারবেন না।