নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী সমর্থনের ব্যাপারে আওয়ামী লীগকে অনুসরণ করবে জাতীয় পার্টি (জাপা)। জাপা সূত্র এ কথা জানিয়েছে।জাপা সূত্র জানায়, মেয়র পদে আওয়ামী লীগ যে প্রার্থীকে সমর্থন দেবে, জাপাও তাঁকে সমর্থন দেবে। এ পদে আওয়ামী লীগ কাউকে সমর্থন না দিলে জাপাও কাউকে সমর্থন দেবে না।জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল মঙ্গলবার এ ব্যাপারে প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী ও সাবেক সাংসদ শামীম ওসমান এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন চেয়েছেন। শামীম ওসমানের ভাই সাংসদ নাসিম ওসমান নারায়ণগঞ্জ জাপার নেতা। নাসিম ওসমান ভাইয়ের জন্য কাজ শুরু করলেও জাপা সাংগঠনিকভাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে দলীয় সূত্র জানায়।মহাসচিব পরিবর্তন নয়: জাপা সূত্র জানায়, দলের মহাসচিব পরিবর্তন নিয়ে কথা উঠলেও কাউন্সিলের আগে এ পদে পরিবর্তন আসছে না। বর্তমান মহাসচিব রুহুল আমিন হাওলাদারই বহাল থাকছেন।