মেয়র প্রার্থীকে সড়ে দাঁড়াতে হুমকি
নাটোর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিয়েছেন স্থানীয় সাংসদের ছোট ভাই সাগর ইসলাম। গতকাল বুধবার বিকেলে এমদাদুল হক জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেলা ১১টার দিকে স্থানীয় সাংসদ শফিকুল ইসলামের ভাই সাগর ইসলাম তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে তাৎক্ষণিক নাটোর ছেড়ে যেতে বলেন। এ সময় সংঘাত এড়াতে তিনি নাটোর থানার সামনে অবস্থান নিলে সাগর ও তাঁর লোকজন থানার পাশে অবস্থান নেন। তাৎক্ষণিক মেয়র বিষয়টি নাটোর পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিম মুরাদুল ইসলামকে মুঠোফোনে অবগত করলে তিনি ঘটনাস্থলে আসেন। পরে দুপক্ষের সঙ্গে কথা বলে কোনো ব্যবস্থা না নিয়েই তিনি চলে যান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি রহিম নেওয়াজ, পৌর বিএনপির সভাপতি ও নাটোর বারের সভাপতি রুহুল আমিন তালুকদার, জাসাস নাটোর জেলা শাখার সভাপতি হাবিবুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
তবে স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে বলেন, কথিত ঘটনার সময় তাঁর ভাই ঘটনাস্থলেই ছিলেন না।
এ ব্যাপারে নির্বাহী হাকিম মুরাদুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন। তাঁর জানামতে, সেখানে কোনো সংঘাত ঘটেনি।