মেয়র প্রার্থীদের ভাবনায় ভবন
প্রতিষ্ঠার প্রায় এক দশকেও নিজস্ব ভবন হয়নি। বর্তমানে টিনের চালার একটি ভবন কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে। উন্নয়ন তেমন কিছু হয়নি। যেটুকু হয়েছে পরিকল্পনার অভাব থাকায় তা খুব একটা কাজে আসে না। এমনকি অনেক সময় এসব উন্নয়ন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এভাবেই চলছে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার কার্যক্রম। এই অবস্থায় আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের ভাবতে হচ্ছে পৌরভবন নিয়ে।এলাকাবাসী জানায়, ২০০১ সালে প্রতিষ্ঠিত বড়লেখা পৌরসভার ভবনের কাজ শুরু হয় ২০০৬ সালের ১৬ সেপ্টেম্বর। কিন্তু এখনো ভবন তৈরি হয়নি। অপরদিকে পৌরসভার পানি নিষ্কাশনের প্রধান দুটি খাল ষাটমাছড়া ও নিখরিছড়া দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। পৌরসভার মৌবন্দ এলাকার বাসিন্দা ও স্কুলশিক্ষক মো. আবদুল খালিক বলেন, ১০ বছর হয়ে গেছে পৌরসভার কোনো কার্যালয় নেই। নিজস্ব ভবন করার তেমন কোনো উদ্যোগও দেখা যায়নি। রাস্তার মধ্যে বসছে কাঁচাবাজার। রাস্তাঘাট যা হয়েছে তাও অপরিকল্পিত। সামান্য বৃষ্টিতে বাসাবাড়িতে পানি ওঠে।আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, নির্বাচিত হলে সবার পছন্দসই স্থানে ভবন নির্মাণের উদ্যোগ নেবেন তিনি। প্রায় একই রকম পরিকল্পনার কথা বলেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী ফখরুল ইসলাম।