নাটোরের সিংড়া পৌরসভাকে শহর রক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে বন্যার কবল থেকে রক্ষা করাসহ ২৮ দফা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইশতেহার দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিংড়া বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পড়ে শোনান। তিনি বলেন, নির্বাচিত হলে শহর রক্ষা বাঁধ নির্মাণ করে সিংড়া পৌরসভাকে বন্যার কবল থেকে সুরক্ষা করবেন। এ ছাড়া পৌর এলাকার সব রাস্তা সংস্কার, নালা ব্যবস্থা আধুনিকীকরণ, সুপেয় পানির সার্বক্ষণিক সরবরাহ নিশ্চিতকরণ, তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। তবে এখানে বিএনপির প্রার্থী কোনো ইশতেহার প্রকাশ করেননি।
এ উপলক্ষে গতকাল দুপুরে তাহেরপুরে নির্বাচনী ক্যাম্পে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মেয়র প্রার্থী ১৯ দফা ইশতেহার ঘোষণা করেন। নির্বাচনী ইশতেহারে তিনি মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করেছেন।
আবুল কালাম আজাদ বলেন, ‘গত নির্বাচনে ২২ দফা ইশতেহার ঘোষণা করেছিলাম। তার সিংহভাগই বাস্তবায়ন করেছি। যেগুলো বাস্তবায়ন করা হয়নি, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে। তা অতি দ্রুত সম্পন্ন করা হবে।’