মেয়র প্রার্থীর বাসায় হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভার পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বদিউজ্জামানের ব্যাংক কলোনির বাসায় আজ সোমবার বিকেলে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিকে নির্দেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
বদিউজ্জামান বলেন, তাঁর বিরুদ্ধে সাভার থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা তিনটি মামলা তদন্তাধীন আছে। এ কারণে তিনি সাভারের বাইরে ছিলেন। উচ্চ আদালত থেকে তিন মাসের জামিন নিয়ে তিনি আজ সাভার আসেন। বিকেল সাড়ে চারটার দিকে সাভার পৌর এলাকায় ব্যাংক কলোনি মহল্লায় তাঁর নিজ বাসায় সাংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলন চলাকালে সরকারি দলের শতাধিক নেতা-কর্মী চারদিক থেকে তাঁর বাসায় অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ইট-পাটকেল ছুড়তে ছুড়তে তাঁর বাসার ভেতরে ঢুকে ভাঙচুর করে। এ সময় কয়েকটি গুলির শব্দও শোনা যায়। হামলা ও ইটের আঘাতে তাঁর ১০ কর্মী আহত হয়েছেন। তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পরও তাঁর কর্মীদের পোস্টার টাঙাতে দেওয়া হচ্ছে না। তাঁর কর্মীদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এ অবস্থায় স্বচ্ছ নির্বাচন অসম্ভব।
এই অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল গনির ছেলে যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান বলেন, নির্বাচনী প্রচার চালানোর সময় বদিউজ্জামানের বাসা থেকে তাঁদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তাঁদের কোনো নেতা-কর্মী বদিউজ্জামানের বাসায় হামলার সঙ্গে জড়িত নন। এ ছাড়া ওই বাসায় আদৌ কোনো হামলা হয়েছে কিনা তাও তাঁদের জানা নেই।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আর আজকের ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।