মেয়র প্রার্থীর বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র আবদুল মনাফের বিরুদ্ধে নির্বাচনী প্রচার চালানোর সময় অর্থ বিতরণের অভিযোগ তুলেছেন আরেক মেয়র পদপ্রার্থী লুৎফুর রহমান।লুৎফুর রহমানের সমর্থক পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শেরপুর মহল্লার বাসিন্দা ফজলু মিয়াসহ কয়েকজন অভিযোগ করেন, আবদুল মনাফ গত শুক্রবার দুপুরে শেরপুরে গিয়ে তাঁর নির্বাচনী প্রতীক টেলিভিশন মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বেশ কয়েকজন ভোটারকে ১০০ টাকা করে দেন। পরে বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। আবদুল মনাফ বলেন, ‘আমি একজন মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে শেরপুর মহল্লায় গিয়েছিলাম। ভোটের জন্য টাকা বিতরণের অভিযোগ সত্য নয়। একজন মেয়র পদপ্রার্থীর লোকজন আমার বিরুদ্ধে সাজানো অভিযোগ এনে এমন অপপ্রচার চালায়।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দেবজিৎ সিংহ বলেন, ‘মুঠোফোনে কয়েকজন মেয়র পদপ্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠাই। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’