নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে নিয়ে অশালীন উক্তির অভিযোগে বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে মিছিল করেছে ওই ওয়ার্ডের বাসিন্দারা। গত শুক্রবার রাতে ওই মিছিলটি হয়। সৈয়দপুর পৌরসভার বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে এই মিছিল হয়। এবারও তিনি এ পৌরসভায় বিএনপির প্রার্থী হয়েছেন।
গত শুক্রবার রাতে বের হওয়া মিছিলটি থেকে ‘ভজের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আচরণবিধি লঙ্ঘনকারী মেয়রের প্রার্থিতা রোধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দেয় এলাকাবাসী। সৈয়দপুর পৌরসভার বর্তমান মেয়রের ডাকনাম ভজে।
ওয়ার্ডের সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ মোড়ে শুক্রবার সন্ধ্যার পর বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। এতে মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকারসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
এলাকাবাসীর অভিযোগ, মেয়র আমজাদ তাঁর বক্তব্যের একপর্যায়ে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আখতার হোসেন ফেকুর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন। এর কিছুক্ষণ পর এলাকাবাসী কাউন্সিলরকে গালিগালাজের প্রতিবাদে শহরে মিছিল করে। এতে মেয়রের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। মেয়রের প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়।
ওয়ার্ড কাউন্সিলর আখতার হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, মেয়র আমজাদ প্রচণ্ড কর্তৃত্বপরায়ণ। তাঁর অনিয়মের প্রতিবাদ করায় দীর্ঘদিন তাঁকে পৌর পরিষদের সভায় বসতে দেওয়া হয়নি। বিষয়টি তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইতিপূর্বে লিখিতভাবে জানিয়েছেন।
আখতার হোসেন আরও অভিযোগ করেন, একসময় তিনি ওয়ার্ড বিএনপি কমিটিরও সভাপতি ছিলেন। মেয়র আমজাদের বিরোধিতায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে হঠাৎ পথসভায় এখন কেন তাঁকে নিয়ে মেয়র অশালীন মন্তব্য করলেন, তা তাঁর বোধগম্য নয়। তিনি বলেন, ‘প্রয়োজনে ভোট থেকে সরে দাঁড়াব। তবু আচরণবিধি লঙ্ঘনের জন্য আমি ভজের প্রার্থিতা স্থগিতের দাবি করছি।’ মেয়রের বিরুদ্ধে মিছিল প্রসঙ্গে তিনি বলেন, ‘এলাকাবাসী মিছিল করেছে। এ ব্যাপারে আমি কিছু জানি না।’ তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র আমজাদের বিরুদ্ধে গতকাল রোববার উপজেলা নির্বাচন কার্যালয়ে অভিযোগপত্র দিয়েছেন বলে জানান কাউন্সিলর আখতার।
তবে মেয়র আমজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি কারও বিরুদ্ধে অশালীন মন্তব্য করিনি। কারও নাম ধরে গালাগালের তো প্রশ্নই ওঠে না।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘মেয়রের বিরুদ্ধে মিছিল হচ্ছে জানতে পেরেই আমরা ঘটনাস্থলে যাই। পুলিশ মিছিলকারীদের নিবৃত্ত করেছে।’
সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর নাহার ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। মেয়র আমজাদ যদি কারও বিরুদ্ধে অশালীন উক্তি করে থাকেন, তাহলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’