মেয়র প্রার্থীরা সবাই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার তিন মেয়র পদপ্রার্থীই ব্যবসায়ী। তাঁদের একজনের বিরুদ্ধে মামলা চলমান। বাকি দুজনের বিরুদ্ধে মামলা নেই। প্রার্থীদের হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।

হলফনামা ঘেঁটে জানা গেছে, আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের স্ত্রী বেগম আশানুর বিশ্বাস। তিনি বেলকুচি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। বিগত সময়ে দুই দফায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। তিনি পেশার কোটায় কৃষি, ব্যবসা ও সম্মানী লিখেছেন। তবে সম্মানী কোথা থেকে পান বিষয়টি উল্লেখ করেননি। নিজ নামে কৃষিজমি উল্লেখ করেছেন ৪৫৫ দশমিক ৫ শতাংশ। নগদ টাকা দেখিয়েছেন এক লাখ টাকা। নিজ নামে ৫০ ভরি স্বর্ণসহ ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবের কথা উল্লেখ করেছেন। বার্ষিক আয় হিসেবে কৃষি খাত থেকে ১ লাখ ৩০ হাজার টাকা, ব্যবসা থেকে ৮ লাখ ৮ হাজার টাকা ও সম্মানী হিসেবে ৪২ হাজার টাকা উল্লেখ করেছেন। প্রবাসী এক আত্মীয়ের কাছ থেকে ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার ৫৫৪ টাকা ঋণ নিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।

আশানুর বিশ্বাস বলেন, ‘দলের মধ্যে কোনো বিভক্তি নেই বলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

বিএনপির প্রার্থীর নাম আল আমিন ভূঁইয়া। উপজেলা বিএনপির আহ্বায়ক। তিনি হলফনামার পেশার ঘরে লিখেছেন, ব্যবসা ও দ্বিতল মার্কেটের মালিক। এসএসসি পাস করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে নাশকতার একটি মামলা চলমান আছে। নিজ নামে ছয় বিঘা কৃষিজমি, দুই বিঘা অকৃষিজমি ও স্ত্রীর নামে দুই বিঘা জমি, সাত ভরি স্বর্ণালংকার, ৬৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রীসহ আসবাবের কথা উল্লেখ করেছেন। পৌর শহরের মুকুন্দগাতিতে দ্বিতল বিপণিবিতান, এক বিঘা জমির ওপর বাড়ি ও ১২ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট কারের মালিক তিনি। বার্ষিক আয় হিসেবে কৃষি খাত থেকে ৭৫ হাজার এবং ব্যবসা থেকে ৪ লাখ ৭৯ হাজার টাকা উল্লেখ করেছেন। তাঁর কাছে নগদ ৯০ হাজার টাকা এবং ব্যাংকে ২ লাখ ১০ হাজার টাকা আছে। আল আমিন ভূঁইয়া বলেন, এই এলাকা বিএনপি-অধ্যুষিত বলে তিনি ভোট বেশি পাওয়ার ব্যাপারে আশাবাদী।

ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম পেশায় একজন বিবিধ পণ্য ব্যবসায়ী। শিক্ষাগত যোগ্যতার ঘরে কামিল পাস বলে উল্লেখ করেছেন। ব্যবসা থেকে বার্ষিক আয় ২ লাখ ৬০ হাজার টাকা। ৬ শতাংশ জমির ওপর বাড়ি আছে তাঁর। এ ছাড়া নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিজের কাছে, ১ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী ও আসবাব এবং স্ত্রীর নামে ১৫ ভরি স্বর্ণালংকার আছে বলে উল্লেখ করেছেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।