বগুড়ার ধুনটে পৌরসভা নির্বাচনে ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী এ জি এম বাদশাহসহ আওয়ামী লীগের ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র এ জি এম বাদশাহ দলীয় মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে উপজেলা আওয়ামী লীগের নেতারা কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে এ জি এম বাদশাহ, তাঁর ছোট ভাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এফ এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আঞ্জুল, সদস্য বদরুল হাসান আগা ও খোকা মণ্ডল, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক ফজলু, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শুমার আলী, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ আলী ও ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক বলেন, আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে দলের নির্দেশনা উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এ জি এম বাদশাহকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে অন্য ৯ নেতাকেও একইভাবে বহিষ্কার করা হয়েছে।
এ জি এম বাদশাহ বলেন, ‘বহিষ্কারের আগেই আমি মনোনয়নপত্র উত্তোলনের সময় পৌর আওয়ামী লীগের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। দলীয় মনোনয়ন না পেলেও জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এ মুহূর্তে বহিষ্কারের বিষয় নিয়ে ভাবার কিছু নেই।’