মেয়র প্রার্থীসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল
ময়মনসিংহের সাত পৌরসভায় একজন মেয়র প্রার্থীসহ মোট ১৬ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। তথ্যগত ত্রুটি, হলফনামায় সই না থাকা ও ঋণখেলাপি হওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত শনি ও গতকাল রোববার মনোনয়নপত্র বাছাই হয়। ঈশ্বরগঞ্জে ত্রুটিপূর্ণ কাগজপত্রের কারণে বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী শামছুল হাকিম বাদ পড়েছেন। হলফনামায় সই না থাকায় ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ারুল হক ও ৯ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান বাদ পড়েন।
তথ্যগত ত্রুটির কারণে গৌরীপুর পৌরসভার পাঁচজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অনুপ কুমার সরকার ও কামাল উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের তারিফ উদ্দিন আকন্দ, ৪ নম্বর ওয়ার্ডের শামীম হোসেন চৌধুরী ও ৫ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান।
ফুলবাড়ীয়ায় ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফিরোজ আলম এবং ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী শুক্কুরী বেগম হলফনামায় সই না থাকায় বাদ পড়েন। একই কারণে ভালুকায় ৭ নম্বর ওয়ার্ডের জুনায়েত আলামিন ও ৯ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মিয়া বাদ পড়েছেন।
হলফনামায় সই না থাকায় মুক্তাগাছায় ২ নম্বর ওয়ার্ডের নিতাই চন্দ্র দে এবং ঋণখেলাপি হওয়ায় ৩ নম্বর ওয়ার্ডের অশোক পাল বাদ পড়েন।
গফরগাঁওয়ে তথ্যগত ত্রুটির কারণে ৫ নম্বর ওয়ার্ডের মশিউর রহমান বাদ পড়েছেন। ঋণখেলাপি হওয়ায় ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পারভীন বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়। ফুলপুরে মেয়র ও কাউন্সিলর পদের ৫৯ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে কেউ বাদ পড়েননি।