মেয়র প্রার্থীসহ ৩৫ জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে দুই মেয়র ও তিন কাউন্সিলর পদপ্রার্থীসহ বিএনপির ৫৬ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ৩৫ জন জামিন লাভ করেছেন।
জামিনপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বিএনপিদলীয় প্রার্থী মো. শাহিন ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. পাপ্পুও রয়েছেন। গতকাল রোববার ৫৬ জনের মধ্যে ৩৬ জন কিশোরগঞ্জ আমলি আদালত-২-এ জামিন আবেদন করলে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন ছাড়া অন্য সবার জামিন দেন মুখ্য বিচারিক হাকিম আ. সালাম খান।
দলের নেতা-কর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সদস্য শরীফুল আলম ও ভৈরব উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এক-এগারোর পর সংস্কারপন্থীর অভিযোগে গিয়াস উদ্দিন দল থেকে বহিষ্কৃত হলেও দলীয় নেতৃত্বে টিকে থাকা ইস্যুতে সরব ছিলেন। এই অবস্থায় দেড় মাস আগে আলমের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির কমিটি করা হয়। এরপর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেনের নেতৃত্বে দলটির একটি অংশ গিয়াস বলয়ভুক্ত হয়ে কমিটিকে চ্যালেঞ্জ করে আসছে। এমনকি ২৩ অক্টোবর বড় একটি জনসভা করে গিয়াস উদ্দিনকে সভাপতি ও সাদেক হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা এবং সাবেক পৌর বিএনপির সভাপতি আবুল হাসনাতকে সভাপতি ও দলটির কর্মী মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে পাল্টা পৌর কমিটি ঘোষণা করা হয়।
এই অবস্থায় গত ৩০ নভেম্বর পৌর শহরের নিউ টাউন এলাকায় আলমের বাসভবনে নির্বাচনী মতবিনিময় সভা চলাকালে পক্ষ দুটির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পাঁচ দিন পর শনিবার গিয়াস পক্ষের পৌর যুবদলের সদস্য রুবেল মিয়া মামলা করেন। প্রধান অভিযুক্ত করা হয় বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী মো. শাহিনকে। এ ছাড়া স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ, ৩ নম্বর ওয়ার্ডের মো. আক্তারুজ্জামান, ৫ নম্বর ওয়ার্ডের আরিফুল খোকন ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. পাপ্পুসহ দলটির ৫৬ নেতা-কর্মীকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি করা হয় ১৫০ জনকে। এর মধ্যে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ইমতিয়াজ আহমেদ ও ৫ নম্বর ওয়ার্ডের আরিফুল খোকনকে গ্রেপ্তার করা হয়। ইমতিয়াজ আহমেদকে গতকাল কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। আরিফুল খোকন জামিন পাননি। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আক্তারুজ্জামান জামিন আবেদন করেননি।
মো. শাহিন বলেন, ‘ভালো লাগছে, জামিন পেলাম। ভৈরবে পৌঁছার আগে হয়তো শুনব আরও একটি মামলা হয়ে গেছে। আরও দুটি প্রক্রিয়াধীন।’
যুবদলের নেতা রুবেল মিয়া বলেন, ‘শাহিন-আলম গংদের দ্বারা বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা লাঞ্ছিত হয়েছেন। গলা চেপে ধরে শাহিন আমাকে হত্যা করতে চেয়েছে। নেতা-কর্মীদের নিরাপত্তার স্বার্থে আইনের আশ্রয় নিতে হয়েছে। এখানে বাড়াবাড়ির কিছু নেই।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাসীন হলেও ভৈরবে আমরা ক্ষমতাহীন হয়েই চলাফেরা করি। বিএনপি ক্ষমতায় নেই, তারপরও দলীয় ক্ষমতায় টিকে থাকা নিয়ে লাঠালাঠি করে। আবার আমাদের ওপর দায় চাপায়।’