মেয়র বললেন আমি বড় অসহায়
রংপুর পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বললেন, ‘কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তে হোঁচট খাচ্ছি। তাই আমি বড় অসহায়!’গতকাল বুধবার দুপুরে সিটি করপোরেশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শ্যামাসুন্দরী খাল সংস্কারে অনিয়ম প্রসঙ্গে মেয়র বলেন, খালের পাড়ে রড-সিমেন্টের তৈরি চারকোণা প্রতিটি স্পারে ছয়টি করে রড থাকার কথা থাকলেও সেখানে রড দেওয়া হয়েছে চারটি। এ ছাড়া খালের পাড় সংরক্ষণে ২০০৮-০৯ অর্থবছরে এক কোটি ৮০ লাখ টাকা ব্যয় করা হলেও তা ভেস্তে গেছে। সেই একই কাজ আবারও করা হচ্ছে; তা খুবই নিম্নমানের। টাকা ফেরত যাবে—এ অজুহাতে ২০১১ সালের এপ্রিলে তড়িঘড়ি করে নগরে ১৬ কিলোমিটার সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ করা হয়। বসানো এ খুঁটিগুলোর কারণে পরবর্তী সময়ে সড়ক প্রশস্তকরণে সমস্যার সৃষ্টি হলে তা ঠিক করে দেওয়া হবে বলে ওই সময় পৌরসভার পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) চিঠি দিয়ে আশ্বাস দেওয়া হয়। অথচ খুঁটি বসানোর সময় সওজ সাবেক মেয়রকে নির্ধারিত সীমানা ঠিক রেখে খুঁটি বসানোর তাগিদ দিয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। ফলে এখন নগরের চার কিলোমিটারের বৈদ্যুতিক খুঁটি তুলে নতুন করে স্থাপন করতে হবে। এ টাকা আমি কোথায় পাব? অভিযোগ প্রসঙ্গে সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘উনি (বর্তমান মেয়র) যা অভিযোগ করছেন, তা মোটেও সত্য নয়। যদি দুর্নীতি করে থাকি। তাহলে তিনি আইনি পদক্ষেপ নিতে পারেন।’