মেয়র মন্জুর আজ দায়িত্ব নিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র মোহাম্মদ মন্জুর আলম আজ মঙ্গলবার দায়িত্ব নিচ্ছেন। সকাল নয়টায় শাহ আমানত মাজার জিয়ারত শেষে কাউন্সিলরদের নিয়ে তিনি সিটি করপোরেশনের কার্যালয়ে যাবেন। মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে করপোরেশনে খতমে কোরআন ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। মেয়র মোনাজাতে অংশ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই চট্টগ্রামের উন্নয়ন ও আসন্ন বাজেট নিয়ে মঙ্গলবার (আজ) সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করব।’ তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন সমস্যা চিহ্নিত ও তা সমাধানের কর্মপন্থা ঠিক করতে ৭ আগস্ট স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম চট্টগ্রামে আসবেন।গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়ে রাতেই আন্তনগর ট্রেন তূর্ণা নিশীথায় করে গতকাল সোমবার সকালে চট্টগ্রামে ফেরেন মেয়র মন্জুর। সেখানে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। রেলস্টেশনে প্রথমবারের মতো তাঁকে সিটি করপোরেশনের পতাকাসংবলিত গাড়ি দেওয়া হয়। ওই গাড়িতে করে তিনি উত্তর কাট্টলীর নিজ বাড়িতে ফেরেন। এ সময় তাঁর নিরাপত্তার জন্য পুলিশও মোতায়েন করা হয়। এ ছাড়া গতকাল থেকে তাঁর বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে।