মেয়র মন্জুর আলমের বিরুদ্ধে দুই জিডি
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও তাঁর বড় ভাই আবু তাহেরের বিরুদ্ধে ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১২৬২) করা হয়েছে। ঘর ভাড়া নিয়ে বিরোধের জের ধরে তৈরি পোশাক কারখানা এস অ্যাপারেলসের মালিক মীর ইফতেখার উদ্দীন বাদী হয়ে গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার এই দুটি জিডি করেন। জিডিতে কারখানায় তালা মেরে দেওয়া এবং কারখানা দখলের চেষ্টার অভিযোগ আনা হয়।জানা গেছে, ইফতেখারসহ আরও কয়েকজনের মালিকানাধীন এস অ্যাপারেলস দেওয়ানহাটের যে ভবনে অবস্থিত, সেটি মেয়রের পারিবারিক প্রতিষ্ঠান তাহের গ্রুপের সম্পত্তি। দীর্ঘদিন ধরে ভাড়া না দেওয়ায় পোশাক কারখানায় তালা ঝুলিয়ে দেওয়া হয়।মেয়র মন্জুর আলম বলেন, ‘অংশীদারদের মধ্যে বিরোধের কারণে ইফতেখারের কারখানা অনেক দিন ধরে বন্ধ। তাঁরা আমাদের প্রায় ১২ লাখ টাকা ভাড়া বকেয়া রেখেছেন। -কারখানায় তালা মেরে দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। ইফতেখারের বিরুদ্ধে থানায় আমাদের মামলা আছে।’ মেয়র বলেন, জিডি নেওয়ার আগে বিষয়টি পুলিশের তদন্ত করা উচিত ছিল।জিডির অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার কারখানাটি বন্ধের পর রাত সাড়ে আটটার দিকে আবু তাহের ও মন্জুর আলমের নির্দেশে ২৫-৩০ জন সন্ত্রাসী কারখানার দারোয়ান ও মালিক ইফতেখারকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা তিনটি তলায় অবস্থিত কারখানার ফটকে লোহার পাত দিয়ে ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে ওয়েল্ডিং করে দেয়, যাতে খোলা না যায়। পরে তারা কারখানার সামনে ঝুট কাপড়ে আগুন ধরিয়ে চলে যায়।ইফতেখার অভিযোগ করেন, ‘এক-এগারোর সময় থেকে মন্জুর মামলা-হামলা দিয়ে আমাকে নানাভাবে হয়রানি করছেন। মাঝখানে তিনি কিছু দিন চুপ ছিলেন। মেয়র নির্বাচিত হওয়ার পর আবার তিনি আমার কারখানা দখল করার জন্য উঠেপড়ে লেগেছেন।’ তিনি বলেন, ‘আমার কারখানা কাল বন্ধ থাকলে ৩৫০ জন শ্রমিক মনে করতে পারে, মজুরি না দেওয়ার জন্য আমি তালা মেরে দিয়েছি।’জানা গেছে, এর আগে ইফতেখারের বিরুদ্ধে মন্জুর আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স দুটি মামলা করেছিল। এরই মধ্যে ওই দুই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।