মেয়র মন্জুরের পক্ষে ঠিকাদারদের মিছিল-সমাবেশ
চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন করা’র ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন সম্মিলিত ঠিকাদার সমিতি।চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তারা বলেন, মেয়রের স্বচ্ছ ভাবমূর্তিতে কালিমা লাগাতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এক বছরের কাজের যে বিবরণ চেয়েছে, সেটা ওই ষড়যন্ত্রেরই অংশ বলে তাঁদের দাবি।চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মনজুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম, সিটি করপোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন, ঠিকাদার হারুন জামান, সৈয়দ আবু তালেব।সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আন্দরকিল্লা নগর ভবনে গিয়ে শেষ হয়।এদিকে চট্টগ্রাম নগর বিএনপির নেতারা এক বিবৃতিতে অভিযোগ করেছেন, মন্জুর আলম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত হওয়ার কারণে তাঁর চরিত্র হনন করতে সরকার দুদককে দিয়ে দুর্নীতি তদন্তের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করার অপচেষ্টায় নেমেছে।বিবৃতিদাতারা হলেন: নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি সামসুল আলম ও আবু সুফিয়ান।প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সিটি করপোরেশনের গত এক বছরের উন্নয়ন প্রকল্পের বিবরণ চেয়েছে।