চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের বিরুদ্ধে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দায়ের করা মামলার শুনানি নয় মাস পর গতকাল মঙ্গলবার আবার শুরু হয়েছে। সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী মন্জুর আলম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) দেওয়া অর্থদণ্ডের বিষয়টি হলফনামায় উল্লেখ করেননি বলে মামলায় মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন।তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ শর্মা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম হুমায়ুন কবিরের সমন্বয়ে গঠিত নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে গতকাল মামলাটির শুনানি হয়।মামলা সূত্রে জানা যায়, মেয়র মন্জুর আলমের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রামে নির্বাচনী ট্রাইব্যুনালে গত বছরের ১৮ জুলাই মহিউদ্দিন চৌধুরী মামলাটি করেছিলেন। মামলার আরজিতে বলা হয়, মেয়র হলফনামায় পিডিবির মামলার বিষয়টি গোপন করেছিলেন। তাঁর প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি করেছে বলে অভিযোগ এনে পিডিবি মামলা করেছিল। ওই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে তাঁর প্রতিষ্ঠান পিডিবিকে ১৭ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা দেয়। কিন্তু এ বিষয়টি তিনি হলফনামায় উল্লেখ করেননি।এ ছাড়া ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং তাঁদের মধ্যে লাখ লাখ টাকা বিলি করে নির্বাচনী বিধিমালা ভঙ্গ করার অভিযোগ আনা হয়। আরজিতে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানানো হয়।মহিউদ্দিনের কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, নয় মাস পর এ মামলার কার্যক্রম ফের শুরু হয়েছে। বুধবারও (আজ) মামলার শুনানি হবে।