নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মোহাম্মদ মন্জুর আলমের বিরুদ্ধে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর করা মামলাটি চলতে এখন আর কোনো বাধা নেই।গতকাল সোমবার মন্জুর আলমের পক্ষে মামলা খারিজের ওপর করা রিভিশন আবেদনটিও নামঞ্জুর করেন চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এবং চট্টগ্রামের অতিরিক্ত হাকিম শহীদুল আলমের সমন্বয়ে গঠিত নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল এই আদেশ দেন।মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী হুমায়ূন আক্তার মোস্তাক বলেন, বিবাদীপক্ষের করা রিভিশন আবেদন নামঞ্জুর করে আদালত নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে বলেছেন। অর্থাৎ, এখন মামলার কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই।মেয়র মন্জুর আলমের আইনজীবী এস ইউ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী ট্রাইব্যুনালে আমরা মামলাটি খারিজের আবেদন করলে সেটি নামঞ্জুর করেছিলেন আদালত। ওই আদেশ বাতিল চেয়ে আমরা আপিল ট্রাইব্যুনালে রিভিশন আবেদন করেছিলাম। আজ সেটিও নামঞ্জুর হয়েছে। মামলাটির নানা পদ্ধতিগত অসংগতি রয়েছে। এসব বিষয়ে আমরা হাইকোর্টে যাব।’ বিদ্যুৎ চুরির অভিযোগে ১৭ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা প্রদানের তথ্য নির্বাচনী হলফনামায় গোপন করাসহ নির্বাচর্নী বিধিমালা ভঙ্গের অভিযোগে ২০১০ সালের ১৮ জুলাই মেয়র মন্জুর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।