মেয়র মন্জুরের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে!
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে বলে অনেকে মনে করছেন। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সম্প্রতি বিষয়টি অনেকটাই স্পষ্ট করে তুলেছেন। ১৭ এপ্রিল নগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি দস্তগীর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় শাহাদাত হোসেন মেয়রের সমালোচনা করে বলেছেন, মন্জুর আলম মেয়র নির্বাচিত হওয়ার পর বিএনপি অন্তত ২০ দিন হরতাল দিয়েছে। কিন্তু এক দিনও তিনি হরতালের কর্মসূচিতে উপস্থিত হননি। এ ছাড়া বিএনপি নিয়মিত যেসব সভা-সমাবেশ করে, তার বেশির ভাগেই উপস্থিত হননি তিনি। একবার বিএনপির কার্যালয়ে অবস্থান ধর্মঘট চলাকালে তিনি খাবার পাঠিয়েছিলেন। অনেক বিএনপি-কর্মী সে খাবার খাননি। এ অবস্থায় দলের সঙ্গে তিনি আছেন কি না, তা স্পষ্ট করা দরকার।শাহাদাত হোসেন বলেন, দস্তগীর চৌধুরী পুরো চট্টগ্রামের নেতা ছিলেন। তাঁর নামে দু-একটি সড়কের নামকরণ হতে পারে। কিন্তু মেয়রের সীমাবদ্ধতার কারণে বিএনপির নেতা-কর্মীরা অন্তত কদমতলী মোড়কে দস্তগীর চৌধুরীর নামে নামকরণের দাবি জানিয়েছিলেন। কিন্তু মেয়র তা-ও করতে পারেননি। এটা খুব দুঃখজনক। জানা যায়, ১৭ এপ্রিল প্রয়াত বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। এ সময় নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ জনের বেশি নেতা উপস্থিত ছিলেন। তাঁদের বেশির ভাগই প্রকাশ্যে মেয়রের সমালোচনা করেন। একমাত্র নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী মেয়রকে নিয়ে কোনো মন্তব্য করেননি। ওই দিন বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দস্তগীর চৌধুরীর স্মরণসভায় বেশির ভাগ নেতা মেয়রের সমালোচনা করেন। একপর্যায়ে আমীর খসরু বলেন, ‘আপনারা শোকসভাকে প্রতিবাদ সভা বানিয়ে ফেলেছেন।’ তবে সেখানে মেয়র উপস্থিত ছিলেন না। ২১ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরীর স্মরণসভায়ও ঘুরেফিরে দস্তগীর চৌধুরীর নাম উঠে আসে। এর রেশ ধরে আরও একবার মেয়রের সমালোচনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এসব অভিযোগ প্রসঙ্গে মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘আমি নতুনভাবে একটি দায়িত্ব নিয়েছি। ফলে এ দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে অনেক সময় ব্যস্ত থাকতে হয়। তবে দলীয় নেতারা ডাকলেই আমি হাজির হই। তাঁরাই তো আমাকে এ দায়িত্ব দিয়েছেন। কোনো নেতার সঙ্গেও আমার সম্পর্ক খারাপ নয়, যদিও আমার অনুপস্থিতিতে কোনো কোনো নেতা হয়তো মন খারাপ করেন।’ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা দলীয় কর্মীরা তাঁর কর্মকাণ্ডে সন্তুষ্ট নই।’ তিনি বলেন, ‘১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ টানা হরতাল দিয়েছিল, তখন এ বি এম মহিউদ্দিন চৌধুরী মেয়র হিসেবে দলীয় নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা সে ধরনের কোনো অভিভাবক পাইনি।’ তবে কোতোয়ালি থানা বিএনপির একাংশের সভাপতি এম এ সবুর প্রথম আলোকে বলেন, সরকারের চাপের কারণে মন্জুর আলম বিএনপির দলীয় কার্যক্রমে অংশ নিতে পারছেন না। তিনি দলীয় কাজে অংশ নিলে সরকার টাকা দেবে না। আবার দলের সঙ্গে দূরত্ব বজায় রাখলে নেতা-কর্মীরা সেটা নেতিবাচকভাবে নিচ্ছেন।বিএনপির নেতাদের অভিযোগ, মন্জুর আলম সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হয়েছেন। সিটি করপোরেশন চালানোর ক্ষেত্রেও তিনি আওয়ামী লীগ দলীয় কয়েকজন কাউন্সিলরের ওপর নির্ভরশীল। এ প্রসঙ্গে মেয়র মন্জুর আলম বলেন, ‘মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী নিয়ে সিটি করপোরেশন পরিবার। করপোরেশন চালানোর ক্ষেত্রে আমি প্রয়োজনে বিভিন্ন জনের সঙ্গে কথা বলি। এ ক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তি অগ্রাধিকার পান না।’