মেয়র মান্নানসহ গ্রেপ্তার ১০ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান, তাঁর এক ভাইসহ বিএনপির ১০ কর্মীকে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার রাতে গাজীপুর চৌরাস্তা এলাকায় একটি গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় তাঁদের আসামি করা হয়েছে। শুক্রবার রাতে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আহাদুল ইসলাম বাদী হয়ে ওই মামলা করেন।
মামলায় মেয়রসহ বিএনপির ৪০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেয়র এম এ মান্নান ও তাঁর ভাই আবদুল কাদির, গাড়িচালক মিজানুর রহমান, বিএনপির কর্মী আবদুল খালেক, রফিজ উদ্দিন, শাহিন আলম, হাবিবুল্লাহ, এস এম ওয়াসিম, সবদুল আলী ও মো. আলম হোসেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে মামলার বাদী এসআই আহাদুল ইসলাম খবর পান, সালনায় মেয়র এম এ মান্নানের বাসায় এক-দেড় শ নেতা-কর্মী গাজীপুরের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে একত্র হয়েছেন। এর ভিত্তিতে রাত আটটার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল নিয়ে তিনি চৌরাস্তা এলাকায় গিয়ে দেখেন, কেপি পরিবহনের একটি বাসে বিএনপির ৬০-৭০ জন নেতা-কর্মী অগ্নিসংযোগ করেছেন। এ সময় সেখান থেকে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা জানান, মেয়রের নির্দেশে তাঁরা কাজটি করেছেন। মেয়র কালিয়াকৈরের দিকে পালিয়ে গেছেন। পরে ধাওয়া করে কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে থেকে মেয়রকে আটক করা হয়।
তবে মেয়রের স্ত্রী ও বিএনপির নেতারা জানিয়েছেন, ওই গাড়িতে আগুন লাগার ঘটনার আগে বিকেলে দিকে মেয়রসহ ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
মেয়র মান্নানের স্ত্রী সাজেদা মান্নান প্রথম আলোকে বলেন, ‘আমরা গণমাধ্যমের খবরে জানতে পেরেছি, চান্দনা চৌরাস্তা এলাকায় ওই বাসে গত শুক্রবার রাত আটটার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। আর পুলিশ মেয়রকে আটক করে বিকেল সাড়ে পাঁচটার দিকে। তাহলে পুলিশের হেফাজতে থেকে তিনি (মেয়র) ওই বাসে আগুন লাগালেন কিভাবে।’
তবে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলছেন, ঘটনার পরই তাঁদের গ্রেপ্তার করা হয়। মেয়রসহ ১০ জনকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রিজন ভ্যানে করে মেয়র এম এ মান্নান ওই কারাগারে পৌঁছান।