মেয়র মান্নানের বরখাস্ত স্থগিতাদেশের কপি সিটি করপোরেশনে
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত স্থগিত আদেশের সার্টিফায়েড কপি গতকাল বুধবার করপোরেশনের কার্যালয়ে পৌঁছেছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এম রাহাতুল ইসলাম আদালতের আদেশের কপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এম এ মান্নানের আইনজীবী ও গাজীপুর বারের সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুই বছর কারাবাসের পর চলতি বছরের ৬ জানুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পান এম এ মান্নান। পরে তিনি পদ ফিরে পেতে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিটের শুনানি শেষে ১৩ এপ্রিল হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বহিষ্কারাদেশ তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন। ছয় দিন পর গতকাল ওই আদেশের সার্টিফায়েড কপি সিটি করপোরেশনে পৌঁছায়।
মঞ্জুর মোরশেদ বলেন, এর ফলে মেয়র মান্নান এখন থেকেই অফিস করতে পারবেন। এতে আইনগত কোনো বাধা থাকল না।
যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি মেয়র এম এ মান্নানকে ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২২ মামলায় জামিনের পর হাইকোর্ট থেকে সর্বশেষ গত বছরের ২ মার্চ তিনি জামিন পান। এপ্রিলে মেয়র পদ ফিরে পাওয়ার কয়েক দিনের মধ্যেই ১৫ এপ্রিল তাঁকে ফের নাশকতার তিনটি মামলায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই মাসে তাঁকে আবার বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে সব মিলিয়ে ২৯টি মামলা দায়ের করা হলেও সব কটি মামলায় জামিন পেয়ে এ বছরের ৬ জানুয়ারি আবার কারামুক্ত হন তিনি। মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।