মেয়র মান্নানের বরখাস্তের স্থগিতাদেশ আপিল বিভাগে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের এ বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। এতে মান্নানের মেয়র পদে যোগ দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

গত সোমবার মেয়র এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষ আবেদন করে। আজ আপিল বিভাগে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখে বিষয়টি নিষ্পত্তি করে দেন।

গাজীপুরের জয়দেবপুর থানার একটি মামলায় মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলে এবং আদালত তা গ্রহণ করলে গত বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। স্থানীয় সরকার বিভাগের ওই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট আবেদনটি করেন এম এ মান্নান।

গত বছরের ১১ ফেব্রুয়ারি মান্নানকে তাঁর রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে ১৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সব মামলায় জামিন নিয়ে গত ২ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান।