যে দল থেকেই মেয়র হোন না কেন, তাঁকে দিয়েই যেন পৌরসভার উন্নয়নকাজ করা হয়। মেয়র ক্ষমতাসীন দলের না হওয়ায় গত পাঁচ বছর এখানে তেমন উন্নয়ন হয়নি। এবার যেন সে রকম না হয়। পৌরসভার নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে গতকাল মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ভোটাররা এ মন্তব্য করেন।
৪ নম্বর ওয়ার্ডের মুসলেম উদ্দিন বলেন, বর্তমান মেয়র বিএনপি-সমর্থিত হওয়ায় তিনি উন্নয়ন করতে পারেননি। জনগণ তাঁকে নির্বাচিত করলেও সরকারের কারণে সুফল পায়নি পৌরসভার মানুষ।
স্কুলশিক্ষক এ কে এম নুরুল ইসলাম বলেন, ‘ভোটাররা যাঁকে মেয়র পদে নির্বাচিত করবেন, তিনি যদি অন্য দলেরও হন, তাহলেও তাঁকে দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেওয়া উচিত।’
৯ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিম বলেন, ‘গত ১৮ বছরেও পৌর এলাকায় পানি সরবরাহের ব্যবস্থা করা হয়নাই। পৌরসভার সব এলাকায় বিদ্যুৎ নাই। রাস্তাঘাট নাই। এটা কেমন পৌরসভা হইল?’
৪ নম্বর ওয়ার্ডের পাছপাড়া ও ভাটি কান্দাপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছেনি। তবে নির্বাচনী প্রচার চলাকালে ওই দুটি মহল্লার বিভিন্ন স্থানে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি ফেলে রাখা হয়।
ভাটি কান্দাপাড়া মহল্লার সোলেমা খাতুন বলেন, প্রায় ১০ দিন আগে তাঁর বাড়ির সামনে কয়েকটি খুঁটি এনে রাখা হয়। যাঁরা রেখেছেন, তাঁরা বলেছেন পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে। খুঁটিগুলো মহল্লার বিভিন্ন স্থানে পোঁতা হবে। এই অছিলায় তাঁদের কাছে কেউ ভোট চাননি।
তবে ওই মহল্লার আটজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোটের মাঠে বিদ্যুৎবিহীন এলাকায় খুঁটি ফেলে ভোটারদের আশার বাণী শোনানো হচ্ছে।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) অভিলাস চন্দ্র পাল বলেন, পাঁচ মাস আগে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নান্দাইলে এসে পৌরসভায় বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর কার্যাদেশ পেয়ে ঠিকাদার তাড়াহুড়া করে খুঁটিগুলো বিভিন্ন এলাকায় ফেলেছেন।
এই কাজ আগে বা পরে না করে নির্বাচনের সময় করার বিষয়ে জানতে চাইলে ডিজিএম বলেন, সেটি ঠিকাদার ভালো বলতে পারবেন।
৯ নম্বর ওয়ার্ডের ভোটার খাদেমুল হক বলেন, ‘এইবারের নির্বাচনডা অন্য রহম। ভোট অইব প্রতীক দেইখ্যা। তাই এক প্রতীকের সমর্থক অন্য প্রতীকের প্রার্থীকে ভোট দিতে চাইবে না। গতবার এই রহম ছিল না। এইডা ঠিক অইছে না।’