লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাহী মেয়র লুৎফর রহমানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তদন্তের পর পুলিশ জানিয়েছে, তারা অপরাধমূলক কোনো কিছুর বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি।
সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানমূলক অনুষ্ঠান প্যানোরমায় লুৎফরের বিরুদ্ধে অভিযোগ করা হয়, নির্বাচনে ভোটের সুবিধা নেওয়ার অভিপ্রায়ে তিনি বাংলাদেশি ও সোমালি বংশোদ্ভূত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে বেশি পরিমাণে তহবিল বরাদ্দ করেছেন। পৌর কর্মকর্তাদের সুপারিশ উপেক্ষা করে তিনি বরাদ্দের পরিমাণ ১৫ লাখ পাউন্ড থেকে ৩৬ লাখ পাউন্ড করেছেন। ওই অনুষ্ঠান প্রচারের পর মেয়র লুৎফর বিবিসির বিরুদ্ধে বর্ণবাদী ইসলামবিদ্বেষী আচরণের অভিযোগ করেন।
প্যানোরমার অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার মাত্র সপ্তাহ খানেক আগে স্থানীয় সরকারমন্ত্রী এরিখ পিকলস টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যক্রম এবং আর্থিক বিষয়গুলো নিরীক্ষার জন্য স্বাধীন নিরীক্ষক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারসকে নিয়োগ করেন। সেদিন থেকে কার্যকর হওয়া এক নতুন আইনের আওতায় স্থানীয় সরকারমন্ত্রী ওই পদক্ষেপ নেন। একই সঙ্গে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাছেও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কিছু নথিপত্র ও প্যানোরমা অনুষ্ঠানের নথিপত্র পাঠানো হয়।
গত বুধবার মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ৪ এপ্রিল ওইসব নথিপত্র পাওয়ার পর তাদের একদল কর্মকর্তা সেগুলো পর্যালোচনা করে দেখেছেন। তাঁরা প্রাইস ওয়াটারহাউস কুপারসের নিরীক্ষকদের সঙ্গেও সমন্বয় করেছেন জানিয়ে মেট্রোপলিটন পুলিশ বলেছে, কোনো ধরনের অপরাধমূলক আলামত কিংবা জালিয়াতি সন্দেহ করার মতো কোনো যুক্তিসংগত কারণ এখনো পর্যন্ত মেলেনি। সে কারণে মেট্রোপলিটন পুলিশ এখন বিষয়টি নিয়ে আর তদন্ত করবে না। নিরীক্ষকেরা ভবিষ্যতে কোনো অপরাধমূলক কাজের আলামত পেলে তখন তা বিবেচনা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
প্রাইস ওয়াটারহাউস কুপারসের আগামী ৩০ জুনের মধ্যে নিরীক্ষা প্রতিবেদন স্থানীয় সরকারমন্ত্রীর কাছে পেশ করার কথা রয়েছে। তবে যে নির্বাচন ঘিরে টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, সেই নির্বাচন সম্পন্ন হবে আগামী মাসে।
বিবিসির প্যানোরমা অনুষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।