মেয়র লুৎফরের বিরুদ্ধে ভীতি প্রদর্শন ও ঘুষ দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মের ভয় দেখিয়ে ও ঘুষ দিয়ে প্রচারণাকারীদের মাধ্যমে বেশিসংখ্যক ভোটারের সমর্থন আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে ব্রিটেনের প্রথম নির্বাচিত মুসলিম মেয়র লুৎফর রহমানের বিরুদ্ধে। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। দেশটির প্রভাবশালী পত্রিকা দ্য টেলিগ্রাফ গত বুধবার এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মেয়র লুৎফরের পক্ষে সমর্থন বাড়াতে তাঁর প্রচারকাজে নিয়োজিত কর্মীরা ভোটারদের ঘুষ দেওয়ার পাশাপাশি এ ভয়ও দেখিয়েছেন যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থন করা হবে ‘অনৈসলামিক ও অপরাধমূলক’ কাজ।
লন্ডনের টাওয়ার হ্যামলেটস পৌর এলাকা থেকে নির্বাচিত মেয়র লুৎফর রহমান স্থানীয় পরিষদের কর্মীদের হুমকি ও ধর্মভিত্তিক বিভিন্ন গোষ্ঠীকে ঘুষ দিয়েছেন—হাইকোর্টে দাখিল করা কিছু নথিপত্রে এ অভিযোগ করা হয়। কথিত আছে, লুৎফর রহমান ভোটদাতাদের বলেছেন, তাঁকে ভোট দেওয়া হবে ‘পুণ্য ও ইসলামসম্মত কাজ’। বিপরীতে তিনি বিরোধীদের ভোট দিলে পরকালে শাস্তির সম্মুখীন হওয়ার ভয় দেখান।
ওই সব আইনি নথিপত্রের দাবি, গত মে মাসের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী লেবার প্রার্থীর বিরুদ্ধে জয় নিশ্চিত করতেই লুৎফর রহমান ব্যাপক পোস্টাল ভোট জালিয়াতিসহ ‘ভীতি প্রদর্শনের পরিকল্পিত প্রচারণা’ কৌশলকে বেছে নেন। দীর্ঘ ৭০ পৃষ্ঠার এসব নথি দাখিল করেছেন চারজন আবেদনকারী। তাঁরা গত মঙ্গলবার আদালতের কাছে মেয়র লুৎফরের বিজয়ী হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণারও দাবি জানান।
মেয়র লুৎফরের মুখপাত্র বলেন, ‘অভিযোগগুলো বিস্ময়করভাবে আদালতে দাখিল করা হয়েছে, তেমনটি নয়। আগেও তাঁরা বারবার এমন অভিযোগ করেছেন। মেট্রোপলিটন পুলিশ ও নির্বাচন কমিশনের বিস্তারিত তদন্তে এসব কখনো প্রমাণিত হয়নি। আমরা অভিযোগকারীদের দৃঢ়তার সঙ্গে আদালতে মোকাবিলা করব।’