সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুর ডান পায়ে হাঁটুর নিচে অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর উভয় পায়ে প্লাস্টিক ও অর্থোপেডিক সার্জারি করা হয়েছে। এ ছাড়া তাঁর ফেটে যাওয়া বাঁ হাত, মাথার চিকিৎসা চলছে।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক গতকাল শুক্রবার বিকেলে আহত শরফুদ্দিনকে দেখতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পক্ষে তিনি মেয়রকে দেখতে গিয়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজন হলে বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এর আগে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলম গত বৃহস্পতিবার রাতে আহত মেয়রকে দেখতে হাসপাতালে যান।চিকিৎসকেরা জানিয়েছেন, রংপুর মেয়রের জ্ঞান ফিরেছে। সেরে উঠতে সময় লাগবে। গত ২৮ জুন রংপুর থেকে ঢাকা আসার পথে সিরাজগঞ্জের চান্দিরাবাজারে সড়ক দুর্ঘটনায় শরফুদ্দিন গুরুতর আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা রংপুর মহানগর যুবলীগের সভাপতি খাজা মণ্ডল আহত হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, খাজা মণ্ডলের চোয়ালের হাড় ও বাঁ হাত ভেঙে গেছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগ নেতার চিকিৎসার খোঁজখবর নেন।