মেয়র হালিমুলসহ ছয়জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যা মামলার আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হকসহ ছয়জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাহজাদপুর উপজেলার বিচারিক হাকিম আদালতের বিচারক হাসিবুল হক শুনানি শেষে গতকাল সোমবার এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া বাকি আসামিরা হলেন আরশেদ আলী ভূঁইয়া, আলমগীর হোসেন, নাজমুল খাঁ, নাসির উদ্দিন ও জহির শেখ।

সংঘর্ষের ঘটনায় দায়ের আরেকটি মামলায় মেয়র হালিমুলের দুই ভাই হাসিবুল হক ও হাবিবুল হককে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এ ছাড়া এ দুজনের পক্ষে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবী। আদালত উভয় আবেদনই নাকচ করে দিয়েছেন। একই আদালতে গতকাল হাকিম হত্যা মামলায় শাহিন আলম নামের এক ব্যক্তি ও হাবিবুল হককে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, নিরাপত্তার কারণে আসামিদের শাহজাদপুর থানায় না নিয়ে সিরাজগঞ্জ সদরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

২ ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হন সমকাল-এর স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।