মেয়রকে অভিযুক্ত করার প্রতিবাদে সিলেটের সব ওয়ার্ডে প্রতিবাদ, মিছিল
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে অভিযোগ তুলে গতকাল সোমবার বিকেলে নগরের ২৭টি ওয়ার্ডে একযোগে মৌন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
এর মধ্যে ১৭টি ওয়ার্ডে সিটি করপোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে এবং বািকগুলোতে ‘ওয়ার্ডবাসী’র ব্যানারে মিছিল ও সমাবেশ হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্ত করে গত ১৩ নভেম্বর হবিগঞ্জের আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকেও অভিযুক্ত করা হয়। গত রোববার আদালতে অভিযোগপত্র গৃহীত হলে আরিফুলসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর প্রতিবাদে গতকাল বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে কাউন্সিলররা মেয়র আরিফুলকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন। নগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে তাঁকে মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়। অন্যথায় তাঁরা টানা কর্মসূচির মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।