মেয়রকে কুমিল্লা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির স্মারকলিপি
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলা কমিটির জন্য অফিস বরাদ্দ ও নতুন রেস্তোরাঁর জন্য আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর কাছে ওই স্মারকলিপি দেওয়া হয়। ওই সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি নুরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এম এ মুকিত, সহসাধারণ সম্পাদক এম কে রহমান, কোষাধ্যক্ষ আবদুল হকসহ সমিতির সদস্যরা। স্মারকলিপিতে সমিতির নেতারা উল্লেখ করেন, বাংলাদেশের বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় রেস্তোরাঁ মালিক সমিতির জন্য সিটি করপোরেশন থেকে অফিস বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লায়ও সমিতির কার্যক্রম পরিচালনার জন্য অফিসের প্রয়োজন। একই সঙ্গে রেস্তোরাঁ সমিতির ছাড়পত্র ব্যতীত নতুন করে কোনো রেস্তোরাঁর লাইসেন্স ও নবায়ন না দেওয়ার দাবি জানানো হয়। এ ব্যাপারে সংগঠনটির সাধারণ সম্পাদক এম এ মুকিত বলেন, ‘বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ ও বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪-এর নিয়মানুযায়ী সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে সমিতির সদস্যপদ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। একই সঙ্গে ১৯৮২ সালের আইন অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত রেস্তোরাঁর লাইসেন্স নবায়নের সময় সমিতির সদস্যপদ গ্রহণ করেছে কি না, সেটা দেখার বিষয়ও রয়েছে। আমরা মেয়রকে স্মারকলিপির মাধ্যমে ওই বিষয়টি অবগত করেছি।’ মেয়র মনিরুল হক সাক্কু বলেন, মালিক সমিতির স্মারকলিপি পেয়েছি। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও আইন অনুযায়ী এ ব্যাপারে করণীয় কী, তা ঠিক করা হবে।