মেয়রকে ক্রেস্ট না দেওয়ায় হামলা আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও সরকারি (পিজি) হাইস্কুলের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে গত শনিবার পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম চৌধুরীকে গুণীজন সম্মাননা ক্রেস্ট না দেওয়ায় তাঁর সমর্থকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক লাঞ্ছিত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই হাইস্কুলের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আয়োজকদের সঙ্গে মঞ্চে ওঠেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। প্রতিমন্ত্রী স্কুলের প্রাক্তন শিক্ষার্থী গুণীজনদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর মেয়র সিরাজুল ইসলাম চৌধুরী মঞ্চে ওঠেন এবং তাঁকে ক্রেস্ট প্রদান না করায় ক্ষোভ প্রকাশ করেন। এরপর তাঁর সমর্থকেরা মঞ্চ ও মাঠের চেয়ার, প্যান্ডেল ভাঙচুর শুরু করে। রাত আটটা পর্যন্ত চলে তাদের হামলা ও ভাঙচুর। এ সময় অনুষ্ঠানে উপস্থিত পাঁচ শতাধিক ছাত্রী ও নারী প্রাণভয়ে ছোটাছুটি করতে থাকে। পরে তারা স্কুলের মূল ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক কমনরুম ও প্রধান শিক্ষকের কার্যালয়ে আশ্রয় নেয়। এ সময় ছবি তুলতে গিয়ে এনটিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, দিগন্ত টিভির লিয়াকত আলী খান, আরটিভি বাবু লাঞ্ছিত হন। এ ছাড়া নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে পৌর মেয়র সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মিটিংয়ে আছি, পরে কথা বলব।’শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের সভাপতি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তবে মেয়রকে ক্রেস্ট প্রদান করা উচিত ছিল।