মেয়রকে দেওয়া চিঠি প্রত্যাহারের দাবি ঠিকাদারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া চিঠি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদারদের একাংশ গতকাল মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায়।
সম্প্রতি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। এ বক্তব্যের পক্ষে সাত দিনের মধ্যে প্রমাণ দেওয়ার অনুরোধ জানিয়ে গত বৃহস্পতিবার মেয়রকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
‘চট্টগ্রাম সিটি করপোরেশনের ঠিকাদারবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ, ছালেহ আহমেদ, সাইফুদ্দিন খালেদ ও আনজুমান আরা বেগম, চট্টগ্রামের স্থানীয় দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক সৈয়দ ওমর ফারুক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, ঠিকাদার মো. ফিরোজ, এস এম মোরশেদ আলম, মহিউদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন এস এম শফিউল আজম।
মানববন্ধনে বক্তারা বলেন, মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রামকে আধুনিক ও বিশ্বমানের নগর গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন। তাঁর উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার লক্ষ্যে চট্টগ্রামবিদ্বেষী একটি মহল শুরু থেকে ষড়যন্ত্র করে আসছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কতিপয় আমলা। তাঁদের কারণে চট্টগ্রামের উন্নয়নে যথাযথ বরাদ্দ পাওয়া যাচ্ছে না। এতে নগরবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।