মেয়রকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পৌর এলাকার শতবর্ষের প্রাচীন দুটি পুকুরের আংশিক ভরাট করে বিপণিবিতান নির্মাণ করার ঘটনায় মেয়রকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ‘জলাশয় ভরাট বন্ধ এবং যা ভরাট করা হয়েছে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য’ এ নোটিশ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মকবুল হোসেন স্বাক্ষরিত এ নোটিশ মেয়রের কার্যালয়ে পাঠানো হয়। নোটিশে বলা হয়, জলাধারগুলোর আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁর পক্ষে প্যানেল মেয়র মির্জা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো পরিবেশ অধিদপ্তরের নোটিশ পাইনি। নোটিশ পাওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ নেব।’ ২৮ মার্চ প্রথম আলোয় ‘বিপণিবিতান হবে, পুকুর ভরাট করছে পৌরসভা’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।