জামালপুর পৌরসভার মেয়র শাহ্ মো. ওয়ারেছ আলী ওরফে মামুনের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
পৌরসভার সচিব নূরুল ইসলাম বলেন, ‘শাহ্ মো. ওয়ারেছ আলীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিতের বিষয়ে হাইকোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত একটি বার্তা ই-মেইলে আমি পেয়েছি। ওই বার্তায় উল্লেখ করা হয়, মঙ্গলবার হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট গ্রহণ করে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন।’
গত ২৫ আগস্ট আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দায়ের করা দুটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়। শাহ্ মো. ওয়ারেছ আলী সেসব মামলায় অভিযুক্ত হওয়ায় পৌর মেয়রের পদ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। ওই আদেশের বিরুদ্ধে শাহ্ মো. ওয়ারেছ আলী হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন।