সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতেই মেয়র আরিফুল হক চৌধুরীর নাম সম্পূরক অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মনে করেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলররা। তাঁরা মেয়রকে অযথা হয়রানি না করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
গত শুক্রবার রাতে সিটি করপোরেশনের সভাকক্ষে জরুরি বৈঠক করেন কাউন্সিলররা। প্যানেল মেয়র ও কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কাউন্সিলরদের মধ্যে ফরহাদ চৌধুরী, মখলিছুর রহমান, আজাদুর রহমান, শাহানারা বেগম, দিনার খান, সিকন্দর আলী, রেজওয়ান আহমদ, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কাউন্সিলররা বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সিলেটের কৃতী সন্তান, বাংলাদেশের গর্ব। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন হোক—আমরাও চাই। প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমরাও করছি। কিন্তু এই তদন্ত কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে জড়িয়ে যাতে অযথা হয়রানি করা না হয়, সে জন্য আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
গত বৃহস্পতিবার সিআইডি সাবেক অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া হত্যা মামলার চতুর্থ দফার সম্পূরক অভিযোগপত্র হবিগঞ্জ বিচারিক আদালতে দাখিল করে।