মেয়রদের ওয়াদা নষ্ট করেছে মশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মশা নিধন নিয়ে নির্বাচনের আগে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র; তেমনি মেয়রের দায়িত্ব নিয়েও মশার বিরুদ্ধে হুংকার ছেড়েছেন তাঁরা। তবে মশা তাঁরা নিয়ন্ত্রণে রাখতে পারেননি। একাধিকবার মশাবাহিত রোগ ছড়িয়ে তাঁদের ব্যর্থতাতে কেবল রং চড়িয়েছে মশারা। শেষে মশা নিয়ে মুখের নিয়ন্ত্রণও হারাতে হয়েছে তাঁদের। মশা নিয়ে মেয়রদের উল্লেখযোগ্য কিছু বক্তব্য:
মেয়র আনিসুল হক
মেয়র আনিসুল হক

মেয়র আনিসুল হক

* উত্তর সিটি করপোরেশনের শতকরা ৬৮ ভাগ মানুষ জানিয়েছিলেন, মশা নাগরিক জীবনের প্রধান সমস্যা। ফলে আমার প্রধান কাজ হবে মশক নিধন

—২০ এপ্রিল, ২০১৫: ঢাকা উত্তরের নাগরিকদের ওপর পরিচালিত ‘নাগরিক সমস্যা ও প্রত্যাশা’ শীর্ষক জরিপের ফল প্রকাশের সময়

* ঢাকা উত্তরের সীমানার আশপাশে অনেক ইউনিয়ন আছে। আছে ব্যক্তিমালিকানাধীন এলাকা। সেসব এলাকা থেকে মশা ডিএনসিসি এলাকায় উড়ে আসে। যেগুলো নিয়ন্ত্রণের উপায় নেই

—মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর দেওয়া বক্তব্যে

* ঢাকা উত্তরে অনেক ব্যক্তিগত জলাশয় আছে, যেখানে কচুরিপানা আছে, যা আমি পরিষ্কার করতে পারি না। এ বছর আমি আইনি সমস্যায় কিছু করতে পারিনি। তবে কথা দিচ্ছি, আগামী বছর আর মশা থাকবে না

—৬ মে, ২০১৬: দায়িত্ব গ্রহণের প্রথম বছর পূর্তিতে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে 

* প্রথম বছরের তুলনায় তিন গুণ বেশি মশার ওষুধ দেওয়া হচ্ছে। মশা নিয়ন্ত্রণে বাজেটে তিন গুণ বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। তারপরও মশা শেষ হয় না। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পাসপোর্ট, ভিসা ছাড়া অন্য এলাকা থেকে মশা চলে আসছে

—৬ মে, ২০১৭: দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে

* আপনার ঘরের ভেতরে গিয়ে আমি মশারি খাটাতে পারব না। আপনার ছাদের ওপরের চৌবাচ্চায় আমি ওষুধ লাগাতে পারব না। আপনার ঘরের ভেতরে যে সামান্য স্বচ্ছ পানিতে মশা জন্মেছে, সেটা আমি মারতে পারব না।...বাড়িতে বাড়িতে গিয়ে মশা মারা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়

—১৪ জুলাই, ২০১৭: নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে

* আমরা কাউকে আঘাত করতে চাইনি। আমরা বলতে চেয়েছি যে বাড়ির ভেতরে ঢোকার অধিকার আমাদের সেভাবে নেই। এ জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমরা তার জন্য দুঃখিত।

—১৫ জুলাই, ২০১৭; গুলশানে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ শোভাযাত্রার আগে

* জলাশয়ের মশা নিধন করতে গিয়ে দেখি, সেই কাজের অধিকার আমার নেই। এ নিয়ে একটা কথা বলে এখন আমার সুইসাইড করার মতো অবস্থা হয়েছে

—১৫ জুলাই, ২০১৭; বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে

মেয়র সাঈদ খোকন
মেয়র সাঈদ খোকন

মেয়র সাঈদ খোকন

* ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা মশা। আমি নির্বাচিত হলে আমার অন্যতম প্রধান কাজ হবে মশক নিধন। এ জন্য ডিএসসিসি এলাকার সব ড্রেন, নালা ও মশা জন্মায় এমন জায়গাগুলো নিয়মিত পরিষ্কার করা হবে

—১২ এপ্রিল, ২০১৫: নির্বাচনী ইশতেহার ঘোষণার সময়

* মশা তো সীমানা অতিক্রম করতেই পারে। এটা নিয়ে তর্ক করাও উচিত নয়। বিভিন্ন ইউনিয়ন থেকেও মশা উড়ে আসে, যেগুলো মারতে বাড়তি ওষুধ ব্যবহার করতে হচ্ছে। বাড়তি কাজও করতে হয় সিটি করপোরেশনের লোকদের

—০১ মার্চ ২০১৬: প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে

* মশক নিধন কাজে যদি কোনো কর্মী অনুপস্থিত থাকে, তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমি বিষয়টি দেখ

—২৪ ফেব্রুয়ারি ২০১৭: ‘মশক নিধন’ কর্মসূচির উদ্বোধনীতে

* সূত্রাপুর, কোতোয়ালি, পল্টনসহ ঢাকার ৬৫ শতাংশ এলাকায় মশা নেই বললেই চলে। তবে যে এলাকায় ঝোপঝাড় ও জলাশয় আছে, সেসব এলাকায় মশার উপদ্রব আছে। ২ বছরে ২ লাখ ১৫ হাজার লিটার অ্যাডালটিসাইট, ৯০ হাজার লিটার ম্যালেরিয়া অয়েল-বি ছিটানো হয়েছে। পরিচ্ছন্নতা বাড়লে মশা আরেকটু নিয়ন্ত্রণে আসবে

—৬ মে ২০১৭: দুই বছর পূর্তিতে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে

* চিকুনগুনিয়া প্রতিরোধে সর্বাত্মকভাবে মাঠে নেমেছে সিটি করপোরেশন। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ঢাকা শহরে তা নিয়ন্ত্রণে আসবে। এখন থেকে প্রতি ওয়ার্ডে ৪০ জন করে মশক নিধন কর্মী মশা নিধনে কাজ করবেন—১৬ জুলাই ২০১৭: ধানমন্ডির রবীন্দ্র সরোবরে, সাতটি ওয়ার্ডে একযোগে ফগিং কার্যক্রম ‘মিশন ধানমন্ডি’ উদ্বোধনী অনুষ্ঠানে