আগে প্রত্যেক মেয়রের সঙ্গে আলাদা আলাদা বসে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলতে হবে। এরপর পৌর কর্মকর্তা ও কর্মচারীদের দাবি আদায়ে মেয়রদের সঙ্গে নিয়ে একসঙ্গে আন্দোলন গড়ে তুলতে হবে।
গতকাল বৃহত্তর ফরিদপুর পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আঞ্চলিক সম্মেলনে এ অভিমত দেন পৌর কর্মকর্তা–কর্মচারী ও মেয়ররা। ‘পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারের রাজস্ব খাত থেকে প্রদান ও পেনশন প্রথা চালুর দাবি’তে বৃহত্তর ফরিদপুরের ২২টি পৌরসভার উদ্যোগে সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট পৌর মিলনায়তন কাম কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ও গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র মো. অহিদুল ইসলাম বলেন, অনেক পৌরসভায় মেয়রদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বিরোধ আছে, আগে সে বিরোধ মিটিয়ে ফেলতে হবে। তারপর আন্দোলন করে ন্যায্য দাবি আদায় করে নিতে হবে। তিনি পৌর কর্মকর্তা–কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের দাবির সমর্থনে আমরা মেয়ররা আন্দোলন করব, আপনারা আমাদের সঙ্গে থাকলেই চলবে।’
ফরিদপুর পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি তানজিলুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, কালিহাতী পৌরসভার সচিব আবদুল আলিম মোল্লা, বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ।