মেয়রপুত্রের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনে চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলীসহ ১৭টি পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে আগের রাতে ফাঁসের অভিযোগ উঠেছে মেয়রের ছেলেসহ একটি চক্রের বিরুদ্ধে। গত শুক্রবার নগরের আছমত আলী খান (একে) ইনস্টিটিউশনে লিখিত পরীক্ষা নেওয়া হয়।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ১৭টি পদের বিপরীতে ৪৫০ জন আবেদন করেন। তাঁদের এক-তৃতীয়াংশ শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নেন। তিনি জানান, গত বছরের নভেম্বরে পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। অন্যান্য পদের মধ্যে রয়েছে, ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, স্টোরকিপার, হিসাব সহকারী, নিরাপত্তা প্রহরী, সুইপার, মেকানিক্যাল ও মিস্ত্রি এবং ওয়ার্ড পরিচ্ছন্নতাকর্মী।

একাধিক সূত্রে জানা গেছে, দুই-তিন মাস আগেই একটি চক্র লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ নিতে থাকেন। এরই মধ্যে অন্তত ২০ জনের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নিয়েছে চক্রটি। এই চক্রের মূল হোতা সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিবের ছেলে কামরুল আহসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন এবং সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন। তাঁদের সঙ্গে সচিব খন্দকার আনোয়ার হোসেন এবং প্রধান প্রকৌশলী তারিকুল হকও রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে দুজন কর্মকর্তা বলেন, লিখিত পরীক্ষার আগের দিন বৃহস্পতিবার রাতে চাকরিপ্রত্যাশী কয়েকজন ব্যক্তিকে প্রশ্নপত্র সরবরাহ করা হয়। অর্থ নেওয়া ও যোগাযোগের কাজটি করেন প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিটি করপোরেশন কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তার কক্ষে ডেকে ওই প্রার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। প্রশ্নপত্র দেন প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব উপস্থিত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, প্রশ্নপত্র করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। এর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। নিখিল চন্দ্র বলেন, ‘করপোরেশনের সচিব ও একজন হাকিমের উপস্থিতিতে প্রশ্নপত্র তৈরি করা হয়। পরে ছায়ালিপি করে তা আমার জিমঞ্চায় রাখা হয়। এখান থেকে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।’

অভিযোগ অস্বীকার করে মো. কামরুল আহসান বলেন, ‘আমার পরিচিত যারা এসেছিল তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি, “আগে রিটেনে টিকেন, তারপর দেখা যাবে।” আমি ওই দিন বরিশালেই ছিলাম না। প্রশ্নপত্র দেব কীভাবে। প্রশ্নপ্রত্র দেওয়া হয়েছে কি না তাও আমি জানি না।’

নাম প্রকাশ না করার শর্তে লিখিত পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন প্রার্থী বলেন, দুই-তিন মাস আগে থেকে যাঁদের নেওয়া হবে, তাঁদের কাছ থেকে চার থেকে সাত লাখ টাকা করে নেওয়া হয়েছে। তাঁদের গত বৃহস্পতিবার প্রশাসনিক কর্মকর্তার কক্ষে ডেকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে। তাঁরা জানান, নিয়ম অনুযায়ী যাঁরা মাস্টাররোলে কাজ করছেন, তাঁদের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা। কিন্তু বাণিজ্যের জন্য বাইরে থেকে লোক নিয়োগ দেওয়া হচ্ছে।