মেয়রপুত্রের মারধর
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপনের হামলায় মো. কবির বিশ্বাস নামের এক জমির দালাল আহত হয়েছেন। জমি কেনাবেচা নিয়ে বচসা হওয়ায় কামরুল তাঁর দলবল নিয়ে ওই হামলার ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে।
গতকাল বেলা পৌনে দুইটার দিকে নগরের পুলিশ লাইন সড়কে ওই ঘটনা ঘটে। আহত কবির বিশ্বাস নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এলাকাবাসীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কামরুল বরিশাল সদর উপজেলার জাগুয়া মৌজার তিমিরকাঠী এলাকায় জমি কিনবেন। এ লক্ষ্যে তিনি স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জমির কাগজপত্র সংগ্রহ করেন। ওই এলাকার জমির দালাল হিসেবে পরিচিত কবির বিশ্বাস কামরুলের কাছে ১৪ একর জমি বিক্রির মধ্যস্থতা করেন। জমি বিক্রি বাবদ কামরুলের কাছ থেকে ২১ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম নেন কবির। কিন্তু কামরুলকে দেওয়া কাগজপত্রে কিছুটা ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেন কামরুলেরই ঘনিষ্ঠজনেরা। এর সত্যতা কবিরের কাছে জানতে চান কামরুল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। কবির বলেন, ‘কামরুল আমার ছোট। শুধু “তুই” বলার অপরাধে সে ২০-২৫টি মোটরসাইকেলে ক্যাডারদের নিয়ে আকস্মিকভাবে আমার ওপর হামলা চালায়।’
কামরুল আহসান দাবি করেন, গতকাল দুপুরে পুলিশ লাইন রোড দিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে থাকা লোকজন কবিরকে কয়েকটি চর-থাপ্পড় দিয়েছে মাত্র।