মেয়রপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে বিলবোর্ড তৈরি করে সেখানে নির্বাচনী পোস্টার সাঁটানোর অভিযোগে ওমর ফারুক চৌধুরী নামে এক মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয়। আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। 

এবারের নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর ফারুক।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মেয়রপ্রার্থী ওমর ফারুক সম্প্রতি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে গাছে গাছে বিলবোর্ড স্থাপন করেছেন। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। নির্বাচন কার্যালয় থেকে বিলবোর্ডগুলো সরিয়ে ফেলার জন্য ওই প্রার্থীকে মৌখিকভাবে নির্দেশনাও দেওয়া হয়। কিন্তু তিনি তাতে কর্ণপাত করেননি।
হাজীগঞ্জ পৌর রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ওই মেয়রপ্রার্থীকে বিলবোর্ডগুলো সরিয়ে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে মেয়রপ্রার্থী ওমর ফারুক বলেন, আজ বিকেলে তিনি নোটিশটি পেয়েছেন। শিগগিরই তিনি বিলবোর্ডগুলো খুলে ফেলবেন।