মেয়ররা না বুঝেই প্রতিশ্রুতি দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ মালেক
এম এ মালেক

প্রথম আলো: প্রতি বছর কেন জলাবদ্ধতা হচ্ছে?

এম এ মালেক: প্রাকৃতিকভাবে পানিনিষ্কাশনের ব্যবস্থাকে আমরা ধ্বংস করে দিয়েছি। অনেক খাল ছিল, সেগুলো আর নেই। সব কটি ভরাট হয়ে গেছে। মূল খালটি অর্থাৎ চাক্তাই খাল, যেটি চট্টগ্রাম শহরের সব পানি কর্ণফুলীতে বয়ে নিয়ে যায়, সেটির অবস্থা ভয়াবহ। কর্ণফুলী নদীর যে জায়গায় চাক্তাই খাল মিশেছে, সেখানেও নাব্যতা নেই। ওয়াসার কোনো সুয়ারেজ সিস্টেম নেই, পানি কীভাবে যাবে? মানুষ তো সব ব্লক (পানি চলাচলের পথ বন্ধ) করে ফেলেছে।

প্রথম আলো: মেয়ররা এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে পারছেন কি?

এম এ মালেক: মেয়ররা কী করবেন? বর্ষার আগে আগে খাল থেকে কিছু মাটি তোলা ছাড়া কিছুই করতে পারেননি। অন্য কোনো চেষ্টাই হয়নি। তাঁদের আসলে কিছু করারও নেই। জলাবদ্ধতা সমস্যার সমাধান আসলে সিটি করপোরেশনের একার পক্ষে করা সম্ভব নয়। মেয়রকে দোষ দিয়ে লাভ কী হবে? সব মেয়র পরিস্থিতি না বুঝেই নির্বাচনের আগে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেন। আসলে তাঁদের পক্ষে এটা সম্ভব নয়।

প্রথম আলো: তাহলে উপায়?

এম এ মালেক: জলাবদ্ধতা নিরসনের জন্য বড় অঙ্কের টাকা বরাদ্দ করে স্থানীয় প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে বিদেশি বিশেষজ্ঞদের আনিয়ে কাজ করতে হবে। আমস্টারডাম পানির নিচের শহর। ওদের ওখানে জলাবদ্ধতা নেই। সুষ্ঠু পরিকল্পনা করে ওরা শহরকে এমনভাবে তৈরি করেছে, সেখানে কোনো জলাবদ্ধতা হয় না। ওই সব শহর থেকে বিশেষজ্ঞ আনতে হবে, যাঁদের পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা আছে। তাঁদের এনে আমাদের শহরটা দেখাতে হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এই বিরাট সমস্যার সমাধান এক দিনে হবে না। দীর্ঘমেয়াদি পরিকল্পনা লাগবে। সরকারকেই এর দায়িত্ব নিতে হবে। এটার জন্য প্রয়োজন বিপুল অর্থের।

প্রথম আলো: আশার কিছু নেই?

এম এ মালেক: শেখ হাসিনার সরকার চট্টগ্রামবান্ধব সরকার। তারাই এই সমাধানে এগিয়ে আসবে। আগের সরকারগুলো চট্টগ্রামের জন্য তেমন কিছুই করেনি। কিন্তু বর্তমান সরকার চট্টগ্রামের জন্য অনেক কিছু করেছে। তাই আশা করি এই সমস্যার নিরসনে সরকার এগিয়ে আসবে, আমাদের জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করবে।

এম এ মালেক:সম্পাদক,আজাদী

সাক্ষাৎকার নিয়েছেন ওমর কায়সার