মেয়ররাই মেয়র প্রার্থী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার তাহেরপুর ও ভবানীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়ররাই আবারও দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন। স্থানীয়ভাবে তাঁদের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। এখন শুধু দলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
স্থানীয়ভাবে মনোনীত প্রার্থীরা হলেন আওয়ামী লীগের তাহেরপুর শাখার সাধারণ সম্পাদক ও তাহেরপুর পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম আজাদ এবং বিএনপির ভবানীগঞ্জ শাখার সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুর রাজ্জাক।
দলীয় সূত্রে জানা যায়, তাহেরপুরের বর্তমান মেয়র আবুল কালাম আজাদ ২০১০ সালের নির্বাচনে দলীয় সমর্থন না পেয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে তিনি বিজয়ী হন। ওই সময়ে তাঁকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারও করা হয়। তবে তিনি বিজয়ী হওয়ার পর তাঁকে আবার দলে ফিরিয়ে আনা হয়। এদিকে গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবু বাক্কার মৃধা মুনসুর রহমান এবার বর্তমান মেয়রকে সমর্থন দিয়ে নির্বাচন করবেন না বলে ঘোষণা দেন। এ অবস্থায় আবুল কালাম আজাদ একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন।
গত রোববার রাতে আওয়ামী লীগের রাজশাহী জেলা কমিটির বিশেষ সভায় তাহেরপুরে একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়রের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, দলের একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আবুল কালাম আজাদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। সে ক্ষেত্রে তাঁর মনোনয়ন নিশ্চিত।
মেয়র আবুল কালাম আজাদ বলেন, তাঁর হাতেই পৌরসভার অসম্পন্ন কাজ শেষ হবে। তাই দলের কেউ প্রার্থিতা চাননি বলে দাবি করেন তিনি।
অন্যদিকে ভবানীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র আবদুর রাজ্জাকের মনোনয়নও প্রায় নিশ্চিত। দলীয় মনোনয়নের জন্য জেলা থেকে কেন্দ্রে একমাত্র তাঁর নামই পাঠানো হয়েছে এবং তাঁর নামে চিঠিও ইস্যু হয়েছে বলে দলের পাঁচজন নেতা নিশ্চিত করেন। তবে যুবদলের পৌরসভা শাখার সভাপতি শাহিনুল ইসলাম মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
আবদুর রাজ্জাক বলেন, ‘জানতে পেরেছি, জেলা থেকে একমাত্র আমার নামটাই পাঠানো হয়েছে। তাই মনোনয়নের বিষয়ে নিশ্চিত।’ দলের মনোনয়নের চিঠিসহ নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র জমা দেবেন বলে তিনি জানান।
বর্তমান মেয়রকে দলীয় মনোনয়ন দেওয়া প্রসঙ্গে বিএনপির বাগমারা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান বলেন, রাজ্জাকের হাতে পৌরসভার অনেক উন্নয়ন হয়েছে। এ ধারাকে অব্যাহত রাখতে দলের পক্ষে তাঁকেই সমর্থন দেওয়া
হয়েছে। এ ছাড়া দল থেকে আর কেউ মনোনয়ন চাননি বলে জানান তিনি।