মেয়রসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি ও হুমকি দেওয়ার মামলায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই (টাউন সাব-ইন্সপেক্টর) মাহাবুবুল আলম আদালতে অভিযোগপত্রটি দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তদন্ত কর্মকর্তা মাহাবুবুল আলমকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২ নভেম্বর বাদী সান্তাহার শহরের সরোয়ার হোসেনের কাছে আসামিরা চাঁদা দাবি করেন। ঢাকাপট্টি এলাকায় অবস্থিত বাদীর গরুর খামারে গিয়ে তাঁর কাছ থেকে আসামিরা তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা চাঁদা আদায় করেন। এ ঘটনায় সরোয়ার বাদী হয়ে গত ১১ নভেম্বর আদমদীঘি থানায় মেয়রসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মাহাবুবুল আলম জানান, তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেই অনুযায়ী অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তাকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন জানান, তদন্ত কর্মকর্তা মাহাবুবুল আলমের বিরুদ্ধে পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে।