বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ইউনিয়ন যুবলীগ নেতা শফিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় পৌর মেয়র, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) নেতাসহ ৮৩ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের
মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুটি শ্রমিক সংগঠনের মধ্যে ওই সংঘর্ষে গত শুক্রবার শফিকুল ইসলাম ও অটোরিকশার চালক সোহাগ নিহত হন।
গতকাল সকালে নিহত শফিকুল ইসলামের বড় ভাই নূর ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় হত্যা মামলা দায়ের করেন। সান্তাহার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে মোট ৮৩ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আদমদীঘি উপজেলা জাপার সভাপতি এম এন এইচ মিলন, সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সান্তাহার পৌর জাপার সভাপতি আব্দুল লতিফসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে এজাহারে উল্লেখ করা হয়।