চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী কর্নেলহাট এলাকায় ফুটওভার ব্রিজ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
গতকাল রোববার সকালে এর ভিত্তিপ্রস্তর করেন সীতাকুণ্ড আসনের সাংসদ দিদারুল আলম।
আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত দিদারুল আলম হচ্ছেন সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মন্জুর আলমের ভাতিজা।
নগরের কর্নেলহাটের সিটি করপোরেশন মার্কেট চত্বরে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ। বক্তব্য দেন এম এ জাফর চৌধুরী, সুলতান আহমদ, আনোয়ারুল কবির চৌধুরী, কাজী আলতাফ হোসেন প্রমুখ।
প্রায় ৮০ ফুট দৈর্ঘ্য ও সাড়ে সাত ফুট প্রস্থ এ সেতু নির্মাণে ব্যয় হবে ৬৮ লাখ টাকা।
সাংসদ দিদারুল আলম বলেন, চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ত সড়কের পাশে অবস্থিত কর্নেলহাট বাজার। প্রায় সময় এখানে সড়ক দুর্ঘটনা ঘটে। এই ফুটওভার ব্রিজ নির্মাণ হলে রাস্তা পারাপার সহজ হবে ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।